বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুর–১ (বোয়ালমারী-আলফাডাঙ্গা-মধুখালী) আসনে প্রথমবারের মতো বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী বিজয়ী হয়েছেন। আসনের ১৯৭টি কেন্দ্রের সবকটির বেসরকারি ফলাফলে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত ফল অনুযায়ী, দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. মো. ইলিয়াস মোল্লা পেয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৭৯৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ১৬৫ ভোট। ফলে ড. ইলিয়াস মোল্লা ২৮ হাজার ৬৩৩ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার দিনব্যাপী বোয়ালমারী উপজেলার ৭৮টি, মধুখালী উপজেলার ৭৯টি এবং আলফাডাঙ্গা উপজেলার ৪০টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ফরিদপুর–১ আসনটি দীর্ঘদিন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে পর্যন্ত এ আসনে জাতীয় নির্বাচনে ১০ বার আওয়ামী লীগ, একবার করে জাতীয় পার্টি, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। এবারই প্রথম জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী এ আসন থেকে নির্বাচিত হলেন।
রিপোর্টার্স২৪/এসসি