স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়–১ (তেঁতুলিয়া, পঞ্চগড় সদর ও অটোয়ারী) আসনে বিএনপি প্রার্থী নওশাদ জমির বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ১৫৫টি কেন্দ্রের ফলাফল পাওয়ার পর তার জয় নিশ্চিত হয়।
ধানের শীষ প্রতীকে নওশাদ জমির পেয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৪৩০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলম শাপলা কলি প্রতীকে পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ১২৬ ভোট। এতে দু’জনের ভোটের ব্যবধান দাঁড়ায় ৮ হাজার ৩০৪।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারা দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সংসদ নির্বাচনের পাশাপাশি দেশব্যাপী গণভোটও অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, ২০০৮ সালে নিবন্ধন প্রক্রিয়া শুরুর পর এবারই সর্বোচ্চ সংখ্যক রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ মোট ৫১টি দল এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। মোট প্রার্থী ছিলেন ২ হাজার ২৯ জন; এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র ২৭৪ জন। নারী প্রার্থী ছিলেন ৮০ জন। এবারের নির্বাচনে ১১৯টি প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
রিপোর্টার্স২৪/এসসি