| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৩৫ বছর পর সরকার গঠন করছে একজন পুরুষ প্রধানমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৩, ২০২৬ ইং | ০৮:৫২:৪৬:পূর্বাহ্ন  |  ৬১৯৭৬২ বার পঠিত
৩৫ বছর পর সরকার গঠন করছে একজন পুরুষ প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠনের পথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের নেতৃত্বাধীন জোট। ঘোষিত ফল অনুযায়ী, বিএনপি নেতৃত্বাধীন জোট ২৯৯টি আসনের মধ্যে ১৬৬টিতে জয়লাভ করেছে, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যার চেয়ে বেশি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতভর ভোট গণনা শেষে বিভিন্ন আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক গেজেট প্রকাশের পর ফলাফল চূড়ান্ত হবে। তবে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে রাজনৈতিক অঙ্গনে সরকার গঠন নিয়ে আলোচনা শুরু হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নতুন সরকারের নেতৃত্ব দেবেন। ফলে প্রায় ৩৫ বছর পর আবারও একজন পুরুষ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে বাংলাদেশ।

দেশের রাজনৈতিক ইতিহাস পর্যালোচনায় দেখা যায়, সর্বশেষ ১৯৮৮ সালে পুরুষ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন কাজী জাফর আহমেদ। ১৯৯০ সালের গণঅভ্যুত্থানের পর থেকে দীর্ঘ সময় ধরে নারী নেতৃত্বের ধারাবাহিকতা বজায় ছিল। বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পর্যায়ক্রমে সরকারপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রায় তিন দশকের বেশি সময় পর দেশের সর্বোচ্চ নির্বাহী পদে আবারও পুরুষ নেতৃত্ব আসতে যাচ্ছে—এ বিষয়টি রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

এদিকে নিরঙ্কুশ বিজয় অর্জন করলেও কোনো ধরনের আনন্দ মিছিল বা সমাবেশ না করার নির্দেশ দিয়েছে বিএনপি। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, বিজয় উদযাপনের পরিবর্তে শুক্রবার বাদ জুম্মা সারাদেশে শুকরিয়া আদায় করে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হবে। পাশাপাশি দেশের মন্দির, গির্জা, প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়েও নিজ নিজ ধর্মীয় আচার অনুযায়ী প্রার্থনার আহ্বান জানানো হয়েছে।

বিএনপি নেতারা বলেছেন, জনগণের দেওয়া ম্যান্ডেটকে সম্মান জানিয়ে শান্তিপূর্ণ ও সংযতভাবে বিজয় উদযাপন করা হবে। নতুন সরকার দেশের অর্থনীতি পুনর্গঠন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালীকরণ এবং সুশাসন প্রতিষ্ঠাকে অগ্রাধিকার দেবে বলেও দলীয় সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে।

চূড়ান্ত ফল প্রকাশের পর সরকার গঠন প্রক্রিয়া ও শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা শুরু হবে বলে জানা গেছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪