স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ (সদর) আসনে নাটকীয় লড়াই শেষে বড় ব্যবধানে বিজয় অর্জন করেছেন আন্দালিব রহমান পার্থ। তিনি বাংলাদেশ জাতীয় পার্টি-এর চেয়ারম্যান এবং বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোর প্রায় ৪টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডা. শামীম রহমান তার কার্যালয়ের হলরুমে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন। ফল ঘোষণার সঙ্গে সঙ্গেই সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।
ভোলা-১ আসনের একটি পোস্টাল ভোটকেন্দ্রসহ মোট ১১৫টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। গণনায় দেখা যায়, আন্দালিব রহমান পার্থ পেয়েছেন ১ লাখ ৫ হাজার ৫৪৩ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামি-র প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম পেয়েছেন ৭৫ হাজার ৩৩৭ ভোট। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী মাওলানা ওবায়দুর রহমানের ঝুলিতে গেছে ২৫ হাজার ২৪৫ ভোট।
এই আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৪ লাখ ৬ হাজার ৫৬৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১০ হাজার ৮৭ জন, নারী ভোটার ১ লাখ ৯৬ হাজার ৪৫৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৫ জন।
মোট বৈধ ভোট পড়েছে ২ লাখ ৮ হাজার ৪৮১টি। বাতিল হয়েছে ৪ হাজার ৭০০ ভোট। সব মিলিয়ে মোট ভোট পড়েছে ২ লাখ ১৩ হাজার ১৮১টি, যা শতকরা হিসেবে ৫২ দশমিক ৪৩ শতাংশ।
এদিকে একইসঙ্গে অনুষ্ঠিত গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৪৩ হাজার ৪৭৩টি এবং ‘না’ ভোট ৪৪ হাজার ৭৩১টি। পরিসংখ্যান অনুযায়ী, ‘হ্যাঁ’ ভোট স্পষ্ট ব্যবধানে জয়ী হয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম