স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর গুরুত্বপূর্ণ ঢাকা-১১ আসনে নাটকীয় প্রতিদ্বন্দ্বিতার পর বিজয়ী হয়েছেন ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে আসনটির ১৬৩টি কেন্দ্রের মধ্যে ১৬২টির বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়। ঘোষিত ফল অনুযায়ী, শাপলা কলি প্রতীকে নাহিদ ইসলাম পেয়েছেন ৯৩ হাজার ৮৭২ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এম. এ. কাইয়ুম পেয়েছেন ৯১ হাজার ৮৩৩ ভোট। ফলে দুই প্রার্থীর ব্যবধান দাঁড়ায় মাত্র ২ হাজার ৩৯ ভোটে, যা এই আসনে উত্তেজনাপূর্ণ লড়াইয়ের চিত্র স্পষ্ট করে।
এদিকে সারা দেশে ২৯৯টি আসনের মধ্যে এখন পর্যন্ত ২৯২টির বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। ইতোমধ্যে দেড় শতাধিক আসনে জয় নিশ্চিত করে সরকার গঠনের পথে এগিয়েছে বিএনপি।
ঘোষিত ফলাফল অনুযায়ী, ২৯২টি আসনের মধ্যে বিএনপি ও তাদের জোটের প্রার্থীরা ২১২টি আসনে জয় পেয়েছেন। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামি-এর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থীরা ৭২টি আসনে জয়ী হয়েছেন। এছাড়া অন্যান্য দলের প্রার্থীরা পেয়েছেন ৮টি আসন।
রিপোর্টার্স২৪/ঝুম