স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আগামী ১৫ ফেব্রুয়ারি (রোববার) সরকার গঠন করবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।
মির্জা ফখরুল বলেন, দীর্ঘ ১৫ বছর ফ্যাসিস্ট শাসন ছিল। গণতন্ত্র যখনই চাপা পড়ে, কণ্ঠরোধ করা হয়, তখন উগ্রবাদী শক্তির উত্থান ঘটে। এ দেশে তাই হয়েছে। তিনি বিশেষভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামি-কে উগ্রবাদী দল আখ্যা দিয়ে অভিযোগ করেন, তাদের উত্থানের পেছনে আওয়ামী লীগ দায়ী।
তিনি বলেন, আজকে যেটুকু উত্থান হয়েছে জামায়াতে ইসলামীর, তা মূলত আওয়ামী লীগের দমন-পীড়নমূলক শাসন, বিরোধী দলকে কার্যক্রমে বাধা দেওয়া এবং রাজনৈতিক অংশগ্রহণে সীমাবদ্ধতার কারণে। তবে জনগণ ইতিমধ্যেই তাদের প্রত্যাখ্যান করেছে।
মির্জা ফখরুল আরও যোগ করেন, বিএনপি নির্বাচনে তিনভাগের দুই ভাগ মেজরিটি পেয়েছে। জনগণ আবারও সুষ্ঠু, সৎ ও কল্যাণমুখী রাজনীতির মাধ্যমে সমস্ত অপপ্রবণতাকে রুখে দিতে সক্ষম হবে।
এই বক্তব্য থেকে স্পষ্ট, বিএনপি আগামী ১৫ ফেব্রুয়ারি সরকার গঠনের পরিকল্পনা নিয়ে দৃঢ় অবস্থান নিয়েছে এবং দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণকে গুরুত্ব দিচ্ছে।
রিপোর্টার্স২৪/ঝুম