| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অলরাউন্ড নৈপুণ্যে বিশ্বকাপে ঘুরে দাঁড়াল যুক্তরাষ্ট্র

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৪, ২০২৬ ইং | ০৪:১০:২২:পূর্বাহ্ন  |  ৬৪০৫৪১ বার পঠিত
অলরাউন্ড নৈপুণ্যে বিশ্বকাপে ঘুরে দাঁড়াল যুক্তরাষ্ট্র

স্পোর্টস ডেস্ক: দারুণ অলরাউন্ড পারফরম্যান্সে নেদারল্যান্ডসকে বড় ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়েছে যুক্তরাষ্ট্র। ১৯৬ রানের বিশাল সংগ্রহ গড়ে পরে শক্তিশালী বোলিংয়ে ডাচদের মাত্র ১০৩ রানে গুটিয়ে দিয়ে ৯৩ রানের জয় তুলে নেয় আমেরিকা। চলমান আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ-এ এটি তাদের প্রথম জয় এবং নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টিতে প্রথম সাফল্য।

শুক্রবার নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নেমে শুরু থেকেই আগ্রাসী ক্রিকেট খেলেছে যুক্তরাষ্ট্র। ব্যাট হাতে ভিত গড়ে দেন সাইতেজা মুক্কামাল্লা। ৫১ বলে ৫টি চার ও ৪টি ছক্কায় ৭৯ রানের ঝলমলে ইনিংস খেলেন তিনি। তার ইনিংসেই বড় সংগ্রহের ভিত্তি পায় দল। শেষদিকে দ্রুত রান তোলেন শুভাম রঞ্জনে। ২৪ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৪৮ রানে অপরাজিত থাকেন তিনি, যদিও মাত্র ২ রানের জন্য হাফ সেঞ্চুরি পূরণ করতে পারেননি। অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল ২২ বলে ৩৬ রানের কার্যকর ইনিংস খেলেন। নির্ধারিত ২০ ওভারে ১৯৬ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় যুক্তরাষ্ট্র।

নেদারল্যান্ডসের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন বাস ডি লিড। তিনি ৩ উইকেট শিকার করেন। তবে অন্য বোলাররা যুক্তরাষ্ট্রের ব্যাটিং ঝড় সামলাতে পারেননি।

১৯৭ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় নেদারল্যান্ডস। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে তারা। সর্বোচ্চ ২৩ রান আসে বাস ডি লিডের ব্যাট থেকে। অধিনায়ক স্কট এডওয়ার্ডস করেন ২০ রান। দলীয় ব্যাটিং ব্যর্থতায় ১৫.৫ ওভারেই ১০৩ রানে গুটিয়ে যায় ডাচরা।

বল হাতে যুক্তরাষ্ট্রের জয়ের নায়ক হারমিত সিং। তিনি ৪ ওভারে মাত্র ২১ রান দিয়ে ৪টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। শ্যাডলি ফন শ্যালকভিক ২.৫ ওভারে ২১ রান খরচায় ৩ উইকেট নেন। মোহাম্মদ মহসিনও দুই উইকেট নিয়ে ডাচ ব্যাটিং লাইনআপে ধস নামাতে ভূমিকা রাখেন।

এই জয়ে ‘এ’ গ্রুপে তিন ম্যাচ শেষে ২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে যুক্তরাষ্ট্র। বড় ব্যবধানের এ জয় চলতি আসরে তাদের আত্মবিশ্বাস বাড়াবে বলেই মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪