রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীতে অপরাধ দমনে শীর্ষ সন্ত্রাসীদের তালিকা নিয়মিত হালনাগাদ করা হচ্ছে এবং কোনো অপরাধী গোষ্ঠী মাথাচাড়া দিয়ে ওঠার আগেই তাদের দমন করা হবে বলে জানিয়েছেন মো. সরওয়ার।
শনিবার (২ এপ্রিল) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার পুলিশ ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি জানান, বর্তমানে আগের মতো বড় ধরনের শীর্ষ সন্ত্রাসী সক্রিয় না থাকলেও তাদের সহযোগী বা নতুনভাবে অপরাধ জগতে প্রভাব বিস্তারের চেষ্টা করছে এমন ব্যক্তিদের কঠোর নজরদারিতে রাখা হয়েছে। “আমাদের মনিটরিং ও পর্যবেক্ষণ অব্যাহত আছে। কেউ মাথাচাড়া দিয়ে ওঠার আগেই তাদের দমন করা হবে,” বলেন তিনি।
ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার আরও বলেন, রাজধানীর কারওয়ান বাজার এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশ-এর পাশাপাশি গোয়েন্দা পুলিশ, ডিবি এবং সিটিটিসি ইউনিট সমন্বিতভাবে কাজ করছে। নতুন স্থাপিত পুলিশ ক্যাম্পটি মূলত চাঁদাবাজি ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে।
তিনি জানান, ক্যাম্পে সার্বক্ষণিক পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন এবং স্থানীয় ব্যবসায়ীরা তথ্য দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে ফোর্স বাড়ানো হবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, ঢাকায় ইতোমধ্যে চাঁদাবাজি ও মাদকবিরোধী বিশেষ অভিযান শুরু হয়েছে এবং বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই অভিযান চলমান থাকবে। পাশাপাশি বিভিন্ন এলাকায় গোপন নজরদারি জোরদার করা হয়েছে এবং সিনিয়র কর্মকর্তাদের নেতৃত্বে নিয়মিত অভিযান চলছে।
মামলা গ্রহণে কোনো থানায় অনীহা দেখা দিলে ভুক্তভোগীরা সংশ্লিষ্ট সহকারী পুলিশ কমিশনার (এসি), উপ-পুলিশ কমিশনার (ডিসি) বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন বলেও জানান তিনি। পুলিশের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে সেটিও তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
কারওয়ান বাজার এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে নতুন পুলিশ ক্যাম্প স্থাপনকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, রাজধানীজুড়ে অপরাধ দমনে বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।
রিপোর্টার্স২৪/ঝুম