| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ ও সড়ক অবরোধ

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৪, ২০২৬ ইং | ০৫:০৬:০৪:পূর্বাহ্ন  |  ৬১৩২৫৯ বার পঠিত
ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ ও সড়ক অবরোধ

রংপুর প্রতিনিধি: রংপুর-৪ ও রংপুর-৬ আসনে নির্বাচনের ফলাফল নিয়ে অভিযোগ ও অস্বস্তির মধ্যে বিএনপির কর্মী-সমর্থকরা ভোট পুনর্গণনার দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন। পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠায় পুলিশ প্রশাসন কঠোর নজরদারি চালাচ্ছে।

রংপুর-৪ আসনে বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসা এবং ১১-দলীয় জোট সমর্থিত এনসিপির প্রার্থী আখতার হোসেনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা উত্তপ্ত হয়ে ওঠে। শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর এলাকায় বিএনপির নেতা-কর্মীরা ভোট পুনর্গণনার দাবিতে সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করেন।

এসময় এনসিপি নেতা আখতার হোসেন অভিযোগ করেন, বিএনপির কর্মীরা তার দলীয় নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছে, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করেছে এবং মোটরসাইকেল ধ্বংস করা হয়েছে। এছাড়া আগুন দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। তবে বিএনপি এই অভিযোগ অস্বীকার করে, তাদের দাবি, এনসিপির লোকজন নিজেরাই ভাঙচুর করে বিএনপির ওপর দোষ চাপাচ্ছে।

রংপুর নগরীর জুলাই স্মৃতিস্তম্ভ চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে আখতার হোসেন জানান, জেলা প্রশাসনকে এ ঘটনার অবগত করা হয়েছে। অন্যদিকে, পীরগাছা উপজেলা শহরে বিএনপির কর্মী-সমর্থকরা বিক্ষোভ মিছিল ও সমাবেশও করেছেন। তারা দ্রুত ফল পুনর্গণনার দাবি জানান।

ভরসা অভিযোগ করেন, প্রশাসনের সহায়তায় ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ করে ফলাফল পরিবর্তন করা হয়েছে। তার দাবি, প্রায় ৮,৫০০ ভোট বাতিল করা হয়েছে, যা পুনর্গণনা করলে প্রকৃত ফলাফল বেরিয়ে আসবে। তিনি হুঁশিয়ারি দেন, সঠিক বিচার না হলে কঠোর আন্দোলন করা হবে।

রংপুর জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মো. শাহান জানিয়েছেন, ভোট পুনর্গণনার আবেদনটি গ্রহণ করা হয়েছে এবং তা রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছে দেওয়া হবে।

বেসরকারি ফলাফলের তথ্য অনুযায়ী, রংপুর-৪ আসনে আখতার হোসেন ১,৪৯,৯৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এমদাদুল হক ভরসা পেয়েছেন ১,৪০,৫৬৪ ভোট।

রংপুর-৬ আসনেও বিএনপি সমর্থকরা সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বর ঘেরাও করে বিক্ষোভ করেন। এই আসনে জামায়াতে ইসলামীর মাওলানা মো. নুরুল আমিন দাঁড়িপাল্লা প্রতীকে ১,২০,১২৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। বিএনপির সাইফুল ইসলাম পেয়েছেন ১,১৭,৭০৩ ভোট।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪