স্টাফ রিপোর্টার: জাতীয় নির্বাচনের ফলাফল মেনে নিয়ে শান্তিপূর্ণ ও দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা দিয়েছেন ড. শফিকুর রহমান। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এ ঘোষণা দেন।
বার্তায় জামায়াত আমির দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দীর্ঘ সময় ধরে যারা মাঠে-ঘাটে পরিশ্রম করেছেন এবং ভয়-ভীতি, হয়রানি ও প্রতিকূলতার মধ্যেও গণতান্ত্রিক অধিকার চর্চা করেছেন, তাদের সাহস ও ধৈর্য দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করেছে।
নির্বাচনের ফলাফল নিয়ে দল ও সমর্থকদের মধ্যে কিছুটা হতাশা থাকাটা স্বাভাবিক বলেও উল্লেখ করেন তিনি। তবে ৭৭টি আসন পেয়ে দলটির সংসদীয় উপস্থিতি প্রায় চারগুণ বেড়েছে বলে দাবি করে তিনি বলেন, এটি আধুনিক বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় একটি গুরুত্বপূর্ণ অর্জন। তিনি এই ফলাফলকে ভবিষ্যৎ রাজনীতির নতুন ভিত্তি হিসেবে দেখার আহ্বান জানান।
রাজনীতির দীর্ঘ পথের উদাহরণ টেনে ড. শফিকুর রহমান বলেন, ২০০৮ সালে বিএনপি ৩০টি আসন পেয়েছিল, অথচ ১৮ বছর পর ২০২৬ সালে তারা সরকার গঠনের পথে রয়েছে। গণতান্ত্রিক রাজনীতিতে ধৈর্য, ধারাবাহিকতা ও জনআস্থা অর্জনই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, বিরোধী দলে থেকে সরকারের গঠনমূলক সমালোচনা, জবাবদিহি নিশ্চিত করা এবং জনগণের স্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকা রাখাই হবে তাদের প্রধান দায়িত্ব। পাশাপাশি ভবিষ্যতের জন্য সাংগঠনিক প্রস্তুতি জোরদার করার কথাও জানান তিনি।
নির্বাচনের রায়কে সম্মান জানিয়ে জামায়াত আমির বলেন, তাদের আন্দোলন কখনোই কেবল একটি নির্বাচনের জন্য ছিল না; বরং গণতান্ত্রিক সংস্কৃতি শক্তিশালী করা, নাগরিক অধিকার সুরক্ষা এবং জবাবদিহিমূলক রাষ্ট্র গড়ে তোলাই ছিল মূল লক্ষ্য।
শান্তিপূর্ণ ও নীতিনিষ্ঠ রাজনীতিতে অটল থাকার প্রত্যয় পুনর্ব্যক্ত করে তিনি দলীয় নেতা-কর্মীদের ধৈর্য ও সংযম বজায় রাখার আহ্বান জানান।
রিপোর্টার্স২৪/বাবি