| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আজ বিকেল ৩ টায় তারেক রহমানের সংবাদ সম্মেলন

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৪, ২০২৬ ইং | ০৯:৪৫:১৯:পূর্বাহ্ন  |  ৬১২১৩২ বার পঠিত
আজ  বিকেল ৩ টায় তারেক রহমানের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের রেকর্ড বিজয়ের পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলনে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল-এর বলরুমে নির্বাচনোত্তর এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, নির্বাচনের ফলাফল নিয়ে দলটির আনুষ্ঠানিক অবস্থান তুলে ধরা হবে এবং বক্তব্য দেবেন তারেক রহমান।

দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচনের সার্বিক ফলাফল, নতুন সরকার গঠনের প্রস্তুতি, সম্ভাব্য জোট রাজনীতি এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন বিএনপি চেয়ারম্যান।

এর আগে শুক্রবার গভীর রাত পর্যন্ত রাজধানীর গুলশানে নিজ কার্যালয়ে অবস্থান করেন তারেক রহমান। এ সময় দলের শীর্ষ নেতারা তাঁর সঙ্গে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। নতুন সরকার গঠন নিয়ে দফায় দফায় বৈঠকও অনুষ্ঠিত হয় বলে দলীয় সূত্র জানিয়েছে। গভীর রাত পর্যন্ত কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা যায়।

গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সারাদেশে উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংস্কার বিষয়ে জাতীয় গণভোট অনুষ্ঠিত হয়। পরদিন শুক্রবার দুপুরে নির্বাচন কমিশন ২৯৭টি আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করে এবং রাতে গেজেট প্রকাশ করা হয়।

ইসির তথ্য অনুযায়ী, সংসদ নির্বাচনে বিএনপি জোট ২১২টি আসনে জয় পেয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী-সমর্থিত জোট পেয়েছে ৭৭টি আসন। স্বতন্ত্র ও অন্যান্য দল বাকি আসনগুলোতে বিজয়ী হয়েছে।

নির্বাচনের ফলাফলের পর রাজনৈতিক অঙ্গনে নতুন সরকার গঠন ও ভবিষ্যৎ জোট সমীকরণ নিয়ে জোর আলোচনা চলছে। শনিবারের সংবাদ সম্মেলনে এ বিষয়ে পরিষ্কার বার্তা মিলবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪