স্টাফ রিপোর্টার: জীবনের এক ভয়ঙ্কর মুহূর্ত থেকে সরাসরি জনগণের রায়ে সংসদে—এই চমকপ্রদ পরিবর্তন ঘটেছে তিনজন আলোচিত রাজনৈতিক নেতার ক্ষেত্রে। তাদের মধ্যে রয়েছেন বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর, আবদুস সালাম পিন্টু এবং জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলাম।
লুৎফুজ্জামান বাবর (নেত্রকোনা-৪)
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় ২০০৭ সালে গ্রেপ্তার হন এবং দীর্ঘ ১৮ বছর কারাগারে কাটান। ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর সব মামলা থেকে খালাস পান। ১৬ জানুয়ারি ২০২৫-এ মুক্তির পর নেত্রকোনা-৪ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন এবং নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১ লাখ ২০ হাজারেরও বেশি ভোটে জয়লাভ করেন।
আবদুস সালাম পিন্টু (টাঙ্গাইল-২)
বিএনপি নেতা ও সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুও ২১ আগস্ট মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছিলেন। ১৭ বছরের কারাবাসের পর ২৪ ডিসেম্বর ২০২৪ মুক্তি পান। নিজ জন্মভূমি টাঙ্গাইলের গোপালপুর-ভূঞাপুর আসনে ধানের শীষ প্রতীক নিয়ে অংশ নিয়ে প্রায় ২ লাখ ভোটের ব্যবধানে জয়ী হয়ে সংসদে ফিরে আসেন।
এ টি এম আজহারুল ইসলাম (রংপুর-২)
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এ টি এম আজহারুল ইসলাম ২০১২ সাল থেকে কারাবন্দি ছিলেন। ২৮ মে ২০২৪ মুক্তির পর রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসন থেকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন। যেখানে এক সময় ফাঁসির শঙ্কা ছিল, সেখানে এখন জনগণের ভোটের মাধ্যমে তিনি আইনসভায় যোগ দিচ্ছেন।
এই তিন নেতার উজ্জীবিত রাজনৈতিক পুনরাবির্ভাব বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে।
রিপোর্টার্স২৪/ঝুম