স্টাফ রিপোর্টার: সারজিস আলম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক, অভিযোগ করেছেন যে পঞ্চগড়ে বিএনপির নেতাকর্মীরা তার দলের কর্মীদের উপর হামলা চালাচ্ছেন। তিনি সতর্ক করেছেন, এ ধরনের কর্মকাণ্ড চলতে থাকলে কোনো ছাড় দেওয়া হবে না।
সারজিস আলম বলেন, প্রায় ৩০টি স্থানে এনসিপির নেতাকর্মীরা আক্রমণের শিকার হয়েছেন। তাদের রক্তাক্ত করা হয়েছে এবং বাড়িঘর ও দোকানপাটে হামলা চালানো হয়েছে। তিনি অভিযোগ করেন, স্থানীয় কিছু বিএনপি নেতা সন্ত্রাসী কায়দায় এই ধরনের কর্মকাণ্ড পরিচালনা করছেন।
তিনি বলেন, আমরা চেয়েছিলাম, নির্বাচনের পরে যেকোনো দল ক্ষমতায় আসুক, তারা প্রতিহিংসামূলক রাজনীতি পরিহার করে গণতান্ত্রিকভাবে রাজনৈতিক কার্যক্রম চালাক। কিন্তু বিজয়ী হয়ে প্রতিপক্ষকে রক্তাক্ত করা, হুমকি দেওয়া এগুলো স্বৈরাচারী চরিত্রের পরিচয়।
সারজিস আরও বলেন, বিএনপি যদি এই আচরণ অব্যাহত রাখে, তারা দুই বছরের মধ্যেই ক্ষমতায় টিকে থাকতে পারবে না। তাদের পতন অনিবার্য।
তিনি বিএনপি নেতাকর্মীদের সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি একই ধরনের বাধা, মিথ্যা মামলা বা হুমকি-হয়রানি চলতে থাকে, আমরা নির্দিষ্ট সীমার মধ্যে সহ্য করব, তার পর আর ছাড় দেওয়া হবে না।
রিপোর্টার্স২৪/ঝুম