স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা তাসনিম জারা পরাজয় মেনে নিয়ে ঘোষণা করেছেন, তিনি রাজনীতি থেকে সরে যাচ্ছেন না। বরং মানুষের পাশে থেকে গঠনমূলক রাজনৈতিক ভূমিকা পালন করবেন।
নির্বাচনের পর নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ঢাকা-৯ ও বাংলাদেশের মানুষের স্বার্থে বিজয়ী দল বিএনপি ও নির্বাচিত প্রার্থী হাবিবুর রশীদ হাবিব-কে অভিনন্দন জানাচ্ছেন।
ঢাকা-৯ আসনে ফুটবল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন সাবেক এনসিপি নেতা তাসনিম জারা। নির্বাচনে তিনি পেয়েছেন ৪৪,৬৮৪ ভোট। পরাজয় স্বীকার করে তিনি জানিয়েছেন, রাজনীতি থেকে সরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই, বরং মানুষের কল্যাণে কাজ চালিয়ে যাবেন।
নারীদের অংশগ্রহণ ও তরুণদের প্রেরণা
তার স্ট্যাটাসে তিনি উল্লেখ করেছেন, নির্বাচনী প্রচারণায় নারীদের অবদান অনুপ্রেরণাদায়ক ছিল। সিদ্ধান্ত গ্রহণের টেবিলে নারীরা থাকলে আলোচনার মান বদলায়। তরুণ ও কিশোরীদের উদ্দেশ্যে তিনি বলেন, স্বপ্ন দেখতে ভয় পেও না, ক্ষমতার কেন্দ্রে তোমারও অধিকার আছে।
ভলান্টিয়ারদের প্রশংসা
তাসনিম জারা বলেন, পরিচ্ছন্ন রাজনীতির হৃদস্পন্দন তারাই, যারা সাধারণ নাগরিক হিসেবে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। মন খারাপ না করে সংগঠিত থাকার আহ্বান জানান তিনি।
যুক্তরাজ্যে যাচ্ছেন না, শেকড় এই মাটিতেই
নির্বাচন শেষে অনেকে ধারণা করেছেন, তিনি যুক্তরাজ্যে চলে যাবেন। জারা স্পষ্ট করে জানিয়েছেন, আমি কোথাও যাচ্ছি না। আমার শেকড় এই মাটিতেই। আমার কাজও এখানে। একটি নির্বাচনের জন্য এই পথচলা শুরু হয়নি, বরং লক্ষ্য রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন।
পরিচ্ছন্ন রাজনীতি টিকিয়ে রাখার প্রতিশ্রুতি
তিনি বলেন, পরিচ্ছন্ন রাজনীতিকে টিকিয়ে রাখতে শক্তিশালী সংগঠন প্রয়োজন। নির্বাচনের দিনে প্রতিটি বুথে সাহসী পোলিং এজেন্ট এবং সচেতন নাগরিকদের উপস্থিতি গুরুত্বপূর্ণ। এই পথ চলা দীর্ঘ, কিন্তু মানুষের হৃদয় জয় করাই মূল লক্ষ্য।
নির্বাচন ও ফলাফলের মূল্যায়ন
তাসনিম জারা উল্লেখ করেছেন, ৪৪,০০০ প্লাস ভোট একটি শক্ত ভিত্তি। পরিচ্ছন্ন প্রচারণার মাধ্যমে মানুষ প্রমাণ করেছে তারা ক্লিন পলিটিক্স চান। তিনি বললেন, রাজনীতির পুরোনো ছক ভেঙে ঢাকা-৯ ও বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার কাজ চালিয়ে যাবেন।
শেষে তিনি লেখেন, আমাদের সেরা সময় এখনো সামনে।
রিপোর্টার্স২৪/ঝুম