স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণার পর ৩২টি আসনে ব্যালট পুনঃগণনার দাবি জানিয়েছে ১১ দলীয় জোট। ফলাফল ঘোষণায় অনিয়মের অভিযোগ তুললেও তারা শপথ নিয়ে সংসদে বিরোধী দলের ভূমিকায় থাকার সিদ্ধান্তের কথাও জানিয়েছে।
রোববার (১৫ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান ১১ দলীয় জোটের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। তিনি অভিযোগ করেন, স্বল্প ভোটের ব্যবধানে ৩২টি আসনে কারচুপি করে তাদের প্রার্থীদের পরাজিত দেখানো হয়েছে। একই সঙ্গে নির্বাচন কমিশন তড়িঘড়ি করে ফলাফলের গেজেট প্রকাশ করেছে বলেও দাবি করেন তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফল প্রকাশের পর থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা একাধিক আসনের ফলাফল নিয়ে আপত্তি জানিয়ে আসছেন। এর মধ্যে ১১ দলীয় জোট বেশ কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ তুলেছে।
বৈঠক শেষে ব্রিফিংয়ে হামিদুর রহমান আজাদ বলেন, নির্বাচনে জনআকাঙ্ক্ষার পূর্ণ প্রতিফলন না ঘটলেও জোট থেকে নির্বাচিতরা সংসদ সদস্য হিসেবে শপথ নিয়ে সংসদে অংশ নেবেন এবং বিরোধী দলের দায়িত্ব পালন করবেন।
তিনি আরও জানান, ভোটগ্রহণ-পরবর্তী সময়ে ৫৪টি জেলায় সহিংসতার ঘটনা ঘটেছে বলে তাদের কাছে তথ্য রয়েছে। এসব ঘটনার প্রতিবাদে সোমবার বিকেল সাড়ে চারটায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় জোট।
রিপোর্টার্স২৪/এসসি