স্টাফ রিপোর্টার: কোনো ধনী পরিবারে নয়, কৃষক পরিবারে জন্ম এ কথা উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেছেন, কৃষক-শ্রমিকদের যথাযথ সম্মান না করলে তা তার বাবাকে অপমান করার শামিল হবে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার শিমুলবাখ দক্ষিণহাটি এলাকায় জামায়াত সমর্থক শাহ আলমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও স্মরণসভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আল্লাহর রহমতে আমি একজন কৃষক পরিবারের সন্তান। তাই কৃষক-শ্রমিকদের শ্রদ্ধার সঙ্গে ধারণ না করলে তা আমার বাবাকে অপমান করার মতো হবে। শিশু ও শ্রমজীবী মানুষের প্রতি বিশেষ টান ডা. শফিকুর রহমান বলেন, তিনি দুই শ্রেণির মানুষের সান্নিধ্যে বিশেষ আনন্দ পান নিষ্পাপ শিশু এবং দিনমজুর-শ্রমজীবী মানুষ।
শিশুদের কাছে গেলে ফেরেশতার সান্নিধ্যে থাকার অনুভূতি হয়। আর শ্রমজীবী মানুষ রক্ত-ঘাম ঝরিয়ে পরিবারের মুখে হালাল খাবার তুলে দেন। তাদের ঘামের গন্ধ আমার কাছে আতরের মতো মনে হয়।
তিনি আরও বলেন, সমাজের কিছু মানুষ মৌসুমভিত্তিক রাজনীতিতে গরিবদের সঙ্গে হাত মেলালেও পরে তাদের অবহেলা করেন। কিন্তু তিনি শ্রমজীবী মানুষের প্রতি অন্তর থেকে শ্রদ্ধা রাখেন।
শাহ আলমের পরিবারের দায়িত্ব নেওয়ার ঘোষণা স্মরণসভায় শাহ আলমের পরিবারের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, যতদিন সংগঠনের দায়িত্বে থাকবেন, ততদিন এ দায়িত্ব পালন করবেন। ভবিষ্যৎ নেতৃত্বও তা অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেন।
নিহত কর্মীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ ইটনার কর্মসূচি শেষে কটিয়াদী সরকারি কলেজ মাঠে আয়োজিত নির্বাচনি জনসভা থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত আব্দুস ছালামের পরিবারের সঙ্গে দেখা করতে নিকলী উপজেলার ছাতিরচরে যাওয়ার কথা রয়েছে তার।
উল্লেখ্য, গত ৩ ফেব্রুয়ারি কটিয়াদী সরকারি কলেজ মাঠে আয়োজিত নির্বাচনি জনসভা শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আব্দুস ছালাম (৬০) নিহত হন। এছাড়া ৮ ফেব্রুয়ারি ইটনা মিনি স্টেডিয়ামে আয়োজিত আরেকটি নির্বাচনি সমাবেশে যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে শাহ আলম (৫০) নামে এক সমর্থকের মৃত্যু হয়।
রিপোর্টার্স২৪/ঝুমে