স্টাফ রিপোর্টার: রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ছড়িয়েছে নির্বাচন-পরবর্তী সহিংসতার অভিযোগকে কেন্দ্র করে। সারাদেশে সহিংসতা, নির্যাতন, নিপীড়ন, হত্যা ও ধর্ষণের ঘটনার প্রতিবাদ জানাতে আজ রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এর উত্তর গেটে অনুষ্ঠিত হবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। আয়োজকদের দাবি, সাম্প্রতিক ঘটনাগুলোর প্রতিবাদ ও দোষীদের বিচারের দাবিতে এ কর্মসূচি পালন করা হচ্ছে।
সমাবেশে উপস্থিত থাকার কথা রয়েছে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতাদের। নেতারা বর্তমান পরিস্থিতি নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন বলে জানা গেছে।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে ৭৭টিতে জয় পায় জামায়াত নেতৃত্বাধীন জোট। এর মধ্যে জামায়াত একাই ইতিহাসের সর্বোচ্চ ৬৮টি আসনে বিজয়ী হয়েছে। শরিকদের মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ৬টি আসন, বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে ২টি এবং খেলাফত মজলিস পেয়েছে ১টি আসন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনে উল্লেখযোগ্য সাফল্যের পর এই বিক্ষোভ কর্মসূচি জোটের সাংগঠনিক শক্তি ও অবস্থান জানান দেওয়ার একটি বড় পরীক্ষা হিসেবেও দেখা হচ্ছে।
রিপোর্টার্স২৪/ঝুম