| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দেশ গড়তে আগে নিজের আঙিনা পরিষ্কার করতে হবে: শফিকুর রহমান

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৮, ২০২৬ ইং | ১০:৩৮:৩২:পূর্বাহ্ন  |  ৫৬৮৩২৭ বার পঠিত
দেশ গড়তে আগে নিজের আঙিনা পরিষ্কার করতে হবে: শফিকুর রহমান

রিপোর্টার্স২৪ ডেস্ক: ভোরের আলো ফোটার আগেই ঝাড়ু হাতে রাজপথে নেমে পড়লেন শফিকুর রহমান। রাজধানীর মনিপুর এলাকায় বুধবার (১৮ ফেব্রুয়ারি) নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সরাসরি রাস্তা পরিষ্কার কর্মসূচিতে অংশ নেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ফজরের নামাজের পর দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাস্তার আবর্জনা পরিষ্কারে হাত লাগান তিনি। ঝাড়ু দিয়ে ময়লা সরিয়ে দেন, আর পাশে থাকা নেতাকর্মীরা পলিথিনে করে সেগুলো সংগ্রহ করেন। প্রায় ১৫ থেকে ২০ মিনিট ধরে চলে এই পরিচ্ছন্নতা কার্যক্রম।

এ সময় তার সঙ্গে ঝাড়ু হাতে দেখা যায় ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনকেও। দলীয় শীর্ষ নেতার এমন সরাসরি অংশগ্রহণে উপস্থিত নেতাকর্মীদের মধ্যেও দেখা যায় উৎসাহ।

কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে শফিকুর রহমান বলেন, আমরা রাষ্ট্র সংস্কারের মাধ্যমে দেশের সব ধরনের আবর্জনা দূর করতে চাই। একটি পরিচ্ছন্ন দেশ গড়তে হলে আগে নিজেদের আঙিনা পরিষ্কার করতে হবে। প্রত্যেকে দায়িত্ব নিলে দেশও পরিচ্ছন্ন হবে।

রাজনৈতিক প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, জুলাই না এলে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারতেন না, আমিও হতে পারতাম না বিরোধীদলীয় নেতা। তাই সংসদে জুলাইয়ের চেতনা বাস্তবায়ন করা আমাদের সবার দায়িত্ব।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে দায়িত্ব পেয়েছেন শফিকুর রহমান। সংসদ সদস্যদের শপথ গ্রহণের পর দলীয় বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এর আগে একই দিনে জামায়াতের সংসদ সদস্যরা শপথ নেন। পরবর্তীতে অন্যান্য জোটভুক্ত দলের সদস্যরাও শপথ গ্রহণ করেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪