রিপোর্টার্স২৪ ডেস্ক: নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ে প্রবেশ করেছেন। সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সচিবালয়ে প্রথম দিন কাজ শুরু করেছেন তিনি।
সচিবালয়ে পৌঁছালে তাকে স্বাগত জানান মন্ত্রিপরিষদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা। নতুন ১ নম্বর ভবনের তিনতলায় প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত কার্যালয়ে তিনি প্রথম দিনের অফিস করবেন। একই ভবনের তৃতীয় তলায় বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে নতুন মন্ত্রিসভার পরিচিতিমূলক প্রথম বৈঠক, যার সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী নিজেই।
প্রথম অফিসের জন্য সচিবালয়ের প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগে সৌন্দর্যবর্ধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ সম্পন্ন করা হয়েছে। করিডোরে নতুন ফুলের টব রাখা হয়েছে, পূর্বের উপদেষ্টা এবং কর্মকর্তাদের নামফলক সরিয়ে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নামফলক বসানো হয়েছে। কর্মকর্তা-কর্মচারীরা ফুল হাতে নতুন মন্ত্রিসভার সদস্যদের বরণ করতে প্রস্তুত ছিলেন।
নিরাপত্তা ব্যবস্থা ছিল কঠোর। নতুন ১ নম্বর ভবন ঘিরে বিপুলসংখ্যক পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়। ভবনের নিচতলায় ডগ স্কোয়াড এবং মূল ফটকে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা দেখা গেছে।
প্রথম কর্মদিবসে প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। বিকেল ৪টায় বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে পৃথক বৈঠকে বসবেন। বৈঠকে সরকারের অগ্রাধিকার বিষয়, প্রশাসনের শৃঙ্খলা ও সমন্বয় এবং নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে কর্মকর্তাদের ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হবে।
১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি সরকার গঠন করে। মঙ্গলবার বিকেলে নতুন প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ গ্রহণ করেন। প্রায় দুই দশক পর চতুর্থবারের মতো সরকার গঠন করল বিএনপি। দলীয় চেয়ারম্যান হিসেবে এবারই প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করলেন তারেক রহমান। সচিবালয়ে তার প্রথম কর্মদিবস প্রশাসনে উৎসবমুখর ও সতর্ক উভয় আবহ সৃষ্টি করেছে।
রিপোর্টার্স২৪/ঝুম