| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আমি কারো হাতের পুতুল নই: বাটলার

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৯, ২০২৬ ইং | ১৯:৫২:৩১:অপরাহ্ন  |  ৪৫২২৮১ বার পঠিত
আমি কারো হাতের পুতুল নই:  বাটলার

স্টাফ রিপোর্টার: অস্ট্রেলিয়ায় এএফসি উইমেন্স এশিয়ান কাপে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। তবে এই ঐতিহাসিক যাত্রার আগে প্রস্তুতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন জাতীয় দলের প্রধান কোচ পিটার বাটলার। দেশ ছাড়ার আগে বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সরাসরি প্রস্তুতির ঘাটতির কথা তুলে ধরেন তিনি।

বাটলার বলেন, ‘আমি কারো হাতের পুতুল নই।’ প্রস্তুতি আদর্শ হয়নি দাবি করে তিনি জানান, নারী ফুটবল লিগের সূচির কারণে তার পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হয়নি।

তার ভাষায়, ‘আমাদের প্রস্তুতি নিয়ে অনেক ভুল তথ্য ছড়ানো হয়েছে। বাস্তবতা হলো প্রস্তুতি আদর্শ মানের হয়নি। আমাদের একটি নির্দিষ্ট পরিকল্পনা ছিল, কিন্তু সেটি কার্যকর করা যায়নি।’

কোচ জানান, ১৪ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্য বা জাপানে ক্যাম্প করার পরিকল্পনা থাকলেও লিগের ম্যাচ থাকায় তা সম্ভব হয়নি। ১০ ও ১৩ ফেব্রুয়ারি লিগ ম্যাচ খেলে ১৯ তারিখে শক্তিশালী ফিলিপাইনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলা বাস্তবসম্মত ছিল না বলেও উল্লেখ করেন তিনি। সূচি জটিলতার কারণেই থাইল্যান্ড ও ফিলিপাইনের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ বাতিল হয়েছে বলে জানান বাটলার।

ফুটবল ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, কখনও কখনও জয় দিয়ে ভেতরের সমস্যা আড়াল করা হয়। ‘ফুটবল মানে শুধু প্রথম ১০ মিনিটে দুই গোল করা নয়। এটি একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া,’ বলেন তিনি।

বাটলার আরও জানান, তিনি লাইবেরিয়া, বতসোয়ানা, ইংল্যান্ড ও মালয়েশিয়ার মতো দল পরিচালনা করেছেন। ‘সব দোষ বাটলারের—এ কথা বলা বন্ধ করা উচিত। আমি সততার সঙ্গে কাজ করি,’ বলেন তিনি।

এশিয়ান কাপে বাংলাদেশ গ্রুপ পর্বে চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তানের মতো শক্তিশালী দলের মুখোমুখি হবে। এই বাস্তবতায় সমর্থকদের প্রত্যাশা নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানান বাটলার। তার মতে, প্রতিযোগিতায় সম্মানজনক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরম্যান্স করাই এখন প্রধান লক্ষ্য।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাফুফে নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণও। প্রস্তুতির ঘাটতির কথা স্বীকার করে তিনি বলেন, প্রয়োজনীয় অনুশীলন ও প্রীতি ম্যাচের সুযোগ পুরোপুরি পাওয়া যায়নি।

সব বিতর্ক পেছনে রেখে বাংলাদেশ দল নির্ধারিত সময় অনুযায়ী অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে। তবে কোচের বক্তব্য দেশের ফুটবল অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪