স্টাফ রিপোর্টার: প্রথমবারের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ডা. শফিকুর রহমান। শনিবার (২১ ফেব্রুয়ারি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ১১-দলীয় জোটের সংসদ সদস্যদের সঙ্গে নিয়ে তিনি পুষ্পস্তবক অর্পণ করেন।
শ্রদ্ধা নিবেদনের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন এবং জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামসহ জোটের শীর্ষ নেতারা। ফুল দেওয়ার পর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করেন জামায়াত আমির।
মোনাজাত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ডা. শফিকুর রহমান বলেন, রাষ্ট্রীয় আচার হিসেবে এটা আমার দায়িত্ব। বিরোধীদলীয় নেতা হিসেবে সঙ্গীদের নিয়ে আমাকে আসতে হবে, তাই আমি এসেছি।
শহীদ মিনারে ফুল দেওয়াকে জামায়াত এখনও ‘নাজায়েজ’ মনে করে কি না—এমন প্রশ্নে তিনি কিছুটা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। প্রশ্নকর্তার দিক থেকে মুখ ফিরিয়ে তিনি বলেন, আপনি এই প্রশ্ন কেন আজকে করছেন? এইরকম একটা পবিত্র দিনে এমন প্রশ্ন না করাই ভালো।
বক্তব্যের শুরুতে তিনি ১৯৪৭ সাল থেকে শুরু করে ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, নব্বইয়ের গণ-অভ্যুত্থান এবং সাম্প্রতিক জুলাই গণ-অভ্যুত্থান পর্যন্ত বিভিন্ন সময়ের সব শহীদকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, আমরা ভাষাশহীদদের আগে ৪৭-এ যারা শহীদ হয়েছেন তাদেরও স্মরণ করি। বায়ান্নর শহীদদের স্মরণ করি। একাত্তরের শহীদদের স্মরণ করি, নব্বইয়ের গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণ করি। এরপর যারা ফ্যাসিবাদের হাতে শহীদ হয়েছেন তাদেরও স্মরণ করি।
তিনি আরও বলেন, বিশেষ করে সাড়ে ১৫ বছর ফ্যাসিস্ট আমলে যারা শহীদ হয়েছেন তাদের সবাইকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। এবং শেষ পর্যন্ত আমরা স্মরণ করি যারা জুলাই যোদ্ধা হিসেবে জাতির অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করে শহীদ হয়েছেন তাদের। ওসমান হাদিকেও আমরা স্মরণ করি।
একটি মানবিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের প্রত্যয় ব্যক্ত করে বিরোধীদলীয় নেতা বলেন, জাতির মুক্তি না আসা পর্যন্ত ফ্যাসিবাদমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত ও দুর্নীতিমুক্ত দেশ গঠনের জন্য আমাদের এই লড়াই অব্যাহত থাকবে। কোনো অপকর্মের সঙ্গে আমরা আপস করব না।
শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা দেখা যায়। দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে অনুষ্ঠান শান্তিপূর্ণভাবেই শেষ হয়।