স্টাফ রিপোর্টার:আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাধার মুখে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারেননি ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নবনির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে। উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ফুল না দিয়েই এলাকা ত্যাগ করেন তিনি।
স্থানীয় সূত্র জানায়, রাত ১২টার পর নেতাকর্মীদের নিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে যান রুমিন ফারহানা। এ সময় সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টারের নেতৃত্বে একদল যুবক মিছিল নিয়ে সেখানে উপস্থিত হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে। অভিযোগ ওঠে, তারা তাকে শ্রদ্ধা নিবেদনে বাধা দেয় এবং পুষ্পস্তবক ছিঁড়ে ফেলে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অপ্রীতিকর ঘটনা এড়াতে তিনি সেখান থেকে সরে যান।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে রাত সাড়ে ১২টার দিকে তার সমর্থকেরা সরাইলের শাহবাজপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। প্রায় এক ঘণ্টা সড়ক বন্ধ থাকায় দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে রুমিন ফারহানা অভিযোগ করেন, নির্বাচনী পরাজয়ের প্রতিশোধ নিতে পরিকল্পিতভাবে হামলার চেষ্টা চালানো হয়েছে। তিনি বলেন, বিএনপি যদি এখনই মাঠপর্যায়ের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ না করে, তবে এর পরিণাম ভয়াবহ হবে। ঘটনার পরিপ্রেক্ষিতে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। এ সময় আব্দুল আহাদ নামে তার এক আহত কর্মীর বিষয়টি গণমাধ্যমের সামনে তুলে ধরেন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে। এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
রিপোর্টার্স২৪/এসসি