স্টাফ রিপোর্টার: রংপুর-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, হারাগাছ এলাকায় তার সফরকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায় এমদাদুল ভরসা ও বিএনপির হাইকমান্ডকে নিতে হবে।
রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন। স্থানীয় হারাগাছ পৌর বিএনপি তার রংপুর সফরের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়ার পর তিনি এ প্রতিক্রিয়া জানান।
আখতার অভিযোগ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন হারাগাছ পৌরসভায় তার সমর্থকদের কেন্দ্রের সামনে অবস্থান করতে দেওয়া হয়নি। বিভিন্ন কেন্দ্রে তার কর্মীদের মারধর, ভোটার স্লিপ বিতরণ টেবিল ভাঙচুর ও হুমকি দেওয়ার ঘটনাও ঘটে বলে দাবি করেন তিনি। নির্বাচনের দিন কাস্টিং ভোটের হিসাব সংগ্রহ করতে গেলে হারাগাছ মডেল কলেজ কেন্দ্রে তাকে অবরুদ্ধ ও হামলার হুমকি দেওয়া হয় বলেও উল্লেখ করেন। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে তার দাবি।
তিনি আরও অভিযোগ করেন, নির্বাচন-পরবর্তী সময়ে তার দলীয় নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। অনেক কর্মী এখনও এলাকায় ফিরতে পারেননি বলেও পোস্টে উল্লেখ করেন আখতার।
হারাগাছ পৌরসভায় মোট ৫৫ হাজার ৪৫১ ভোটারের মধ্যে এমদাদুল ভরসা ২৭ হাজার ভোট এবং তিনি ৫ হাজার ভোট পেয়েছেন বলে জানান আখতার। তবে ফলাফল নিয়ে ভরসার পক্ষ থেকে শুরুতে কোনো অভিযোগ না থাকলেও পরবর্তীতে উত্তেজনা সৃষ্টি হয়েছে বলে তার দাবি।
হারাগাছ সফরের বিষয়ে তিনি বলেন, ভাঙচুর ও হামলার শিকার পরিবারগুলোর পাশে দাঁড়ানো এবং পৌরসভার উন্নয়নমূলক বরাদ্দের কাজ পর্যালোচনা করতেই তিনি এলাকায় যেতে চান। গত দেড় বছরে হারাগাছ পৌরসভার জন্য সাড়ে ৬ কোটি টাকার বিশেষ বরাদ্দ আনার কথাও উল্লেখ করেন তিনি।
আখতার হোসেন বর্তমানে জাতীয় সংসদের সদস্য এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সদস্যসচিব। স্থানীয় বিএনপি নেতাদের পক্ষ থেকে তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
রিপোর্টার্স২৪/এসসি