স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্র দখল ও বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী মামুনুল হককে প্রধান আসামি করে একাধিক মামলা করার ঘোষণা দিয়েছেন সংসদ সদস্য ও শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
রোববার(২২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন নেতাকর্মীদের দেখতে গিয়ে তিনি এ ঘোষণা দেন।
ববি হাজ্জাজ অভিযোগ করেন, নির্বাচনের দিন একাধিক কেন্দ্রে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মামুনুল হক উপস্থিত থেকে হামলার নির্দেশ দেন। এসব ঘটনায় শতাধিক নেতাকর্মী আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেন, যাদের কয়েকজন এখনো ভর্তি আছেন।
তিনি বলেন, গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনে জয়ী হওয়ার আগে অনেক চড়াই-উতরাই পেরোতে হয়েছে। প্রতিপক্ষ কেন্দ্র দখলের চেষ্টা করেছে। এই হামলাকে আইন ছাড়া ছাড় দেওয়া হবে না। প্রত্যেক আহত কর্মীর ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছেন মামুনুল হক। তিনি গণমাধ্যমকে বলেন, ভোটের দিন তাদের পক্ষ থেকে কোনো বড় সংঘাত হয়নি। একটি কেন্দ্রে গেলে প্রতিপক্ষ তার ওপর চড়াও হওয়ার চেষ্টা করে এবং পুলিশ তাদের বাধা দেয়। পরে সেনাবাহিনী এসে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে।
মামুনুল হকের দাবি, আহতদের অধিকাংশই আইনশৃঙ্খলা বাহিনীর আঘাতে আহত হয়েছেন। তিনি বলেন, ভোট চুরি ও ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে বিজয় ছিনিয়ে নেওয়ার পর এখন মামলা দিয়ে হয়রানি করা স্থিতিশীল পরিবেশের মধ্যে আগুনে ঘি ঢালার শামিল।
রিপোর্টার্স২৪/এসসি