স্পোর্টস ডেস্ক: শিরোপা লড়াইয়ে আর্সেনালকে ঘিরে যখন সমালোচনা বাড়ছিল, তখনই উত্তর লন্ডন ডার্বিতে দাপুটে জয় তুলে নিয়ে ঘুরে দাঁড়ানোর বার্তা দিল মিকেল আর্তেতার দল। টটেনহামকে তাদের মাঠে ৪-১ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে গানাররা।
টটেনহাম হট্স্পার স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে আর্সেনাল। ম্যাচের চতুর্থ মিনিটেই ইউরিয়েন টিম্বারের হেড রাডু দ্রাগুসিন গোললাইন থেকে ফিরিয়ে না দিলে এগিয়ে যেতে পারত সফরকারীরা।
প্রথম গোল আসে ডান প্রান্ত দিয়ে গড়া আক্রমণ থেকে। বুকায়ো সাকার নিচু ক্রস ডিফ্লেক্ট হয়ে পৌঁছে যায় এবারেচি এজের কাছে। দারুণ নিয়ন্ত্রণে ভলিতে জাল খুঁজে নেন তিনি। উত্তর লন্ডন ডার্বিতে এজে আবারও হয়ে ওঠেন পার্থক্য গড়া ফুটবলার।
তবে ৩৪ মিনিটে সমতায় ফেরে টটেনহ্যাম। মাঝমাঠে ডেকলান রাইস বল হারালে সুযোগ নেন র্যান্ডাল কোলো মুয়ানি। নিচু শটে গোলরক্ষক ডেভিড রায়াকে পরাস্ত করে লিগে নিজের প্রথম গোলটি করেন এই ফরোয়ার্ড।
বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিয়ে নেয় আর্সেনাল। ৫৪ মিনিটে ভিক্টর জিওকারেস বক্সের সামনে বল পেয়ে শক্ত শটে দলকে এগিয়ে দেন। স্পার্স রক্ষণে তখন সমন্বয়ের অভাব স্পষ্ট ছিল।
৬২ মিনিটে দ্রুত পাল্টা আক্রমণে সাকার শট রুখে যায় টটেনহ্যাম রক্ষণ, তবে ফিরতি বলে এজে নিজের দ্বিতীয় গোল করেন। এতে ম্যাচ কার্যত আর্সেনালের মুঠোয় চলে যায়।
যোগ করা সময়ে জিওকারেস একক নৈপুণ্যে ব্যবধান ৪-১ করেন। বড় ব্যবধানে পিছিয়ে পড়ার পর হতাশ টটেনহ্যাম সমর্থকদের অনেকেই স্টেডিয়াম ছাড়তে শুরু করেন। লিগে শেষ ১৮ ম্যাচে মাত্র দুটি জয় পাওয়া স্পার্সদের জন্য এটি আরেকটি হতাশার দিন।
এই জয়ে শিরোপা দৌড়ে নিজেদের আত্মবিশ্বাস ফিরে পেল আর্সেনাল। সাম্প্রতিক ছন্দপতনের সমালোচনার জবাব তারা দিল মাঠের পারফরম্যান্সে।
রিপোর্টার্স২৪/বাবি