| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৩, ২০২৬ ইং | ১৪:৩৯:০৫:অপরাহ্ন  |  ৫৩৩১৫৩ বার পঠিত
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রিপোর্টার্স২৪ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৈঠকটি প্রধানমন্ত্রীর দফতরে অনুষ্ঠিত হয় এবং এতে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক ভূ-রাজনীতি এবং অর্থনৈতিক সহযোগিতা নিয়ে বিস্তৃত আলোচনা হয়।

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশের নতুন সরকারের ঘোষিত ‘বাংলাদেশ ফার্স্ট’ পররাষ্ট্রনীতিকে আন্তরিকভাবে স্বাগত জানান। তিনি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় বেইজিংয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার দৃঢ় প্রতিশ্রুতি জানান। তিনি বলেন, “বাংলাদেশের অভ্যন্তরীণ অখণ্ডতা এবং বৈশ্বিক প্রেক্ষাপটে সার্বভৌম অবস্থান রক্ষায় চীন সবসময় বিশ্বস্ত বন্ধু হিসেবে পাশে থাকবে।

বৈঠকে তিস্তা প্রকল্প বাস্তবায়ন নিয়ে রাষ্ট্রদূত আশাবাদী থাকলেও বর্তমান সরকারের চূড়ান্ত অবস্থান নিয়ে স্পষ্ট কিছু মন্তব্য করেননি। তিনি আঞ্চলিক রাজনীতিতে তৃতীয় কোনো দেশের অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপের সমালোচনা করেন এবং বলেন, চীন এই অঞ্চলের প্রতিটি মানুষের টেকসই উন্নয়নের জন্য কাজ করছে। ওয়াশিংটনের প্রভাব ঠেকানোর কৌশলী বার্তার পাশাপাশি বেইজিংয়ের উন্নয়ন অংশীদারত্বের বিষয়টিও বৈঠকে স্পষ্ট করা হয়।

সাক্ষাৎকালে রোহিঙ্গা সংকট সমাধানের উপায় নিয়েও গুরুত্ব সহকারে আলোচনা হয়। চীন বাংলাদেশে স্থিতিশীল ও শক্তিশালী সরকার পরিচালনার জন্য প্রয়োজনীয় অর্থনৈতিক ও কারিগরি সহায়তা প্রদানের আগ্রহ প্রকাশ করেছে। বৈঠকে আশাবাদ ব্যক্ত করা হয়, নতুন সরকারের অধীনে বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।

বেইজিং জানিয়েছে, বাংলাদেশের উন্নয়ন যাত্রায় তারা অন্যতম প্রধান অংশীদার হিসেবে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে চায়। প্রধানমন্ত্রীও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বের প্রশংসা করে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এর আগে রবিবার (২২ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ইয়াও ওয়েন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪