স্টাফ রিপোর্টার: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ‘নির্বাচন পরিচালনা কমিটি’ গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম-এর নির্দেশনায় সোমবার (২৩ ফেব্রুয়ারি) উচ্চপর্যায়ের এই কমিটি গঠন করা হয়।
দলের দফতর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নবগঠিত কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন দলের উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম। সদস্য সচিব করা হয়েছে যুগ্ম সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ এমপিকে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, আলাউদ্দিন মোহাম্মদ, তাহসীন রিয়াজ এবং অ্যাডভোকেট মঞ্জিল ঝুমা।
দায়িত্ব গ্রহণের পরপরই সারজিস আলম কার্যক্রম শুরুর ঘোষণা দেন। নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে যারা প্রার্থী হতে আগ্রহী, তারা যেন প্রস্তুতি নেন। দল শিগগিরই সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করবে বলেও তিনি উল্লেখ করেন।
দলীয় সূত্রে জানা গেছে, তৃণমূল থেকে প্রার্থী বাছাই, সাংগঠনিক সমন্বয় ও নির্বাচনী কৌশল নির্ধারণে এই কমিটি কাজ করবে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে মাঠপর্যায়ে দলকে সংগঠিত করাই কমিটির প্রধান লক্ষ্য।
রিপোর্টার্স২৪/বাবি