| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিটি করপোরেশনে দলীয় নিয়োগ ‘জনগণের সঙ্গে প্রতারণা’: মিয়া গোলাম পরওয়ার

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৪, ২০২৬ ইং | ১২:৫৩:১১:অপরাহ্ন  |  ৫৩১৫০৪ বার পঠিত
সিটি করপোরেশনে দলীয় নিয়োগ ‘জনগণের সঙ্গে প্রতারণা’: মিয়া গোলাম পরওয়ার

রিপোর্টার্স২৪ ডেস্ক: ছয়টি সিটি করপোরেশনে দলীয় ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার ঘটনাকে নৈতিকভাবে গর্হিত ও জনগণের সঙ্গে প্রতারণা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তিনি সদ্য গঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকারের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানান।

যেসব সিটিতে নিয়োগ

গত ২২ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, খুলনা সিটি করপোরেশন, সিলেট সিটি করপোরেশন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও গাজীপুর সিটি করপোরেশন–এ প্রশাসক নিয়োগ দেওয়া হয়।

মিয়া গোলাম পরওয়ার বলেন, এ সিদ্ধান্তের মাধ্যমে সরকার শুরুতেই জনআকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিয়েছে।

‘স্থানীয় সরকার নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র’

বিবৃতিতে তিনি দাবি করেন, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ছিল বৈষম্যহীন ও গণতান্ত্রিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা, গণহত্যার বিচার এবং প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পর জনগণের প্রত্যাশা ছিল স্থানীয় সরকারে জনপ্রতিনিধিদের মাধ্যমে গণতান্ত্রিক কাঠামো পুনর্গঠন।

তিনি অভিযোগ করেন, দলীয় পদধারীদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া স্থানীয় সরকার নির্বাচন পিছিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্রের অংশ হতে পারে এবং এটি আরেকটি ‘পাতানো নির্বাচন’-এর প্রাথমিক ধাপ।

নির্বাচন তফসিল ঘোষণার দাবি

সরকারের এ পদক্ষেপকে গণতান্ত্রিক আকাঙ্ক্ষার সঙ্গে সাংঘর্ষিক উল্লেখ করে অবিলম্বে দলীয় ব্যক্তিদের নিয়োগ বাতিল এবং সিটি করপোরেশনসহ সব স্তরের স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানান জামায়াতের এই নেতা।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪