স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী হতে প্রাথমিকভাবে প্রস্তাব পেয়েছেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
আসিফ মাহমুদ বলেন, দলের পক্ষ থেকে আমাকে প্রাথমিকভাবে ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদ প্রার্থী হতে বলা হয়েছে। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তিনি জানান, দ্রুতই স্থানীয় সরকার নির্বাচনের রূপরেখা ঘোষণা করা প্রয়োজন, কারণ দীর্ঘ দেড় বছরেরও বেশি সময় ধরে সিটি করপোরেশনগুলোতে জনপ্রতিনিধি শূন্য রয়েছে। ফলে সাধারণ নাগরিকরা সেবা নিতে ভোগান্তির মুখে পড়ছেন।
সংবাদ সম্মেলনে তিনি হঠাৎ ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগকেও কঠোরভাবে সমালোচনা করেন। বলেন, অন্তর্বর্তী সরকারের সময় এই নিয়োগের সুযোগ থাকা সত্ত্বেও ব্যবহার করা হয়নি, কিন্তু রাজনৈতিক সরকারের দায়িত্বগ্রহণের সঙ্গে সঙ্গে এটি ব্যবহার করা হয়েছে। প্রশাসকদের মেয়াদ স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি, যা স্বচ্ছতার অভাব দেখায়।
এছাড়া আসিফ মাহমুদ অভিযোগ করেন, দুই দিন ধরে কিছু এলাকায় পুলিশের মাধ্যমে সাধারণ জনগণ ও সাংবাদিকদের ওপর অভিযান চালানো হচ্ছে, যা ভয়ের পরিবেশ সৃষ্টি করছে। তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জনগণের যৌক্তিক দাবি থাকলে আন্দোলনের অধিকার বিঘ্নিত হওয়া চলবে না।
সংবাদ সম্মেলনে এনসিপির সংসদ সদস্য ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব হান্নান মাসউদ আরও বলেন, দল আগামী প্রতিটি স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করবে। পৌরসভা, সিটি করপোরেশন ও ওয়ার্ড পর্যায়ে যারা প্রার্থী হতে চান, তাদের জন্য এনসিপি প্রস্তুতি গ্রহণ করবে।