| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সারজিস আলম

আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে নিয়ে শ্রদ্ধা জানানো পিলখানা হত্যাকাণ্ড নিয়ে মশকরা

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৫, ২০২৬ ইং | ১৫:৩৮:৩৫:অপরাহ্ন  |  ৫২৪৭১৮ বার পঠিত
আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে নিয়ে শ্রদ্ধা জানানো পিলখানা হত্যাকাণ্ড নিয়ে মশকরা

রিপোর্টার্স২৪ ডেস্ক: যে বাংলাদেশ আওয়ামী লীগ পরিকল্পিতভাবে পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ, সেই দলের রাষ্ট্রপতিকে সঙ্গে নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো “মশকরা ছাড়া কিছু নয় এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন। ইত্তেফাক ডিজিটালের পাঠকদের জন্য তার বক্তব্য হুবহু তুলে ধরা হয়েছে।

স্ট্যাটাসে সারজিস আলম দাবি করেন, এটি ছিল ২০২৬ সালের নির্বাচনের চিত্র। তার ভাষ্য অনুযায়ী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মাঠপর্যায়ে গিয়ে বুঝতে পারে যে এককভাবে তারা জাতীয় নির্বাচনে জয়ী হতে পারবে না এবং সরকার গঠন সম্ভব হবে না। এরপর তারা আওয়ামী লীগের সঙ্গে গোপন সমঝোতায় যায় বলে অভিযোগ করেন তিনি।

তার দাবি, প্রত্যেক আসনে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে গোপন বৈঠক করা হয় এবং “যত অপরাধী হোক না কেন” তাদের জামিন বা বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। সারজিসের অভিযোগ, বিএনপি, আওয়ামী লীগ, প্রশাসনের একাংশ এবং দেশি-বিদেশি কিছু এজেন্ট মিলে নির্বাচন সম্পন্ন করে এবং ক্ষেত্রবিশেষে ‘ইঞ্জিনিয়ারিং’ করে সরকার গঠন করে।

সারজিস আলম লেখেন, যে আওয়ামী লীগ পরিকল্পনা করে পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে, আমার সেনাবাহিনীর অফিসারদের খুন করেছে, সেই আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে সঙ্গে নিয়ে শহীদ বীরদের শ্রদ্ধা জানানো পিলখানা হত্যাকাণ্ডকে মশকরা করা ছাড়া কিছুই নয়।

এনসিপির এই নেতা আরও অভিযোগ করেন, যে আওয়ামী লীগ তারেক রহমানকে বাধ্যতামূলক নির্বাসনে পাঠিয়েছিল, ১৭ বছর দেশে আসতে দেয়নি, বেগম জিয়াকে মিথ্যা মামলায় কারাবন্দি রেখেছিল এবং হাজার হাজার বিএনপি নেতাকর্মীকে নির্যাতন করেছিল। সেই আওয়ামী লীগের পুনর্বাসনের দায়িত্ব এখন বিএনপি নিয়েছে।

তিনি বিএনপির তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে বলেন, ভবিষ্যতে যদি তারা আবার আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত বা নিপীড়িত হন, তাহলে তার দায় তাদের নেতা তারেক রহমানকে নিতে হবে।

সারজিস আলম হুঁশিয়ারি দিয়ে লেখেন, যদি জুলাই অভ্যুত্থানে রাজপথে নামা আমাদের কোনো সহযোদ্ধাকে আবার আওয়ামী লীগের হাতে খুন হতে হয় কিংবা রক্ত দিতে হয়, তাহলে তার দায় তারেক রহমান এবং বিএনপিকে নিতে হবে।

স্ট্যাটাসের শেষ লাইনে তিনি আজকের পদক্ষেপের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধিক্কার জানান।

পরে একই পোস্টের মন্তব্যঘরে সারজিস লেখেন, বিগত ১৬ বছর বিএনপির কিছু শীর্ষ নেতৃত্ব আওয়ামী লীগের সঙ্গে ‘নেগোসিয়েশন’ করে চলেছিল বলেই দলটি তিনবারের ভোট কারচুপির পরও কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। তার দাবি, সাধারণ নেতাকর্মীরা বছরের পর বছর মিথ্যা মামলায় কারাবন্দি থেকেছেন, পরিবার থেকে বিচ্ছিন্ন থেকেছেন, অথচ দলীয় শীর্ষ পর্যায়ে ভিন্ন চিত্র ছিল।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪