রিপোর্টার্স২৪ ডেস্ক: সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনের ফলাফল নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন মিয়া গোলাম পরওয়ার। তার দাবি, ভোটগ্রহণ মোটামুটি শান্তিপূর্ণ হলেও গণনা ও ফলাফল ঘোষণার সময় পরিকল্পিতভাবে ‘ইঞ্জিনিয়ারিং’ করা হয়েছে। ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে দলটি নির্বাচনী ট্রাইব্যুনাল ও উচ্চ আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ নগরীর তারেক স্মৃতি অডিটোরিয়ামে মহানগর জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর সেক্রেটারি জেনারেল অভিযোগ করেন, প্রায় ৫০টিরও বেশি আসনে জামায়াত প্রার্থীদের ১ হাজার থেকে ৫ হাজার ভোটের ব্যবধানে হারিয়ে দেওয়া হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, রাত ৯টার পর রহস্যজনকভাবে গণমাধ্যমে ফলাফল প্রচার বন্ধ হয়ে যায় এবং ভোট গণনা ও ফলাফল তৈরির সময় কারচুপি হয়।
তিনি আরও বলেন, অনেক কেন্দ্রে ভোট শেষ হওয়ার আগেই প্রিসাইডিং কর্মকর্তারা এজেন্টদের কাছ থেকে স্বাক্ষর নিয়ে নেন। পরে ফলাফল শিটে ‘ঘষামাজা’ করে চূড়ান্ত ফল পরিবর্তন করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
গোলাম পরওয়ার জানান, সংশ্লিষ্ট আসনগুলোর ব্যালট পেপার সংরক্ষণ করে পুনরায় গণনার দাবি জানানো হয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশন ও রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
১১ দলীয় জোটের অংশ হিসেবে সংসদে গঠনমূলক ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, জামায়াতের আমির শফিকুর রহমান-এর নেতৃত্বে তারা জনগণের পক্ষে কথা বলবেন। সরকারের ভালো উদ্যোগে সহযোগিতা করা হবে, তবে অন্যায়-জুলুমের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।
নির্বাচন-পরবর্তী সহিংসতার প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, বিভিন্ন স্থানে নেতা-কর্মীদের ওপর হামলা ও ঘরবাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এসব ঘটনা কঠোরভাবে দমন এবং সরকারি সুবিধা বিতরণে দলীয়করণ পরিহারের আহ্বান জানান তিনি।
রিপোর্টার্স২৪/ঝুম