রিপোর্টার্স২৪ ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-এর শাহাদাতের সংবাদে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
রোববার (১ মার্চ) সকালে তার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত পোস্টে তিনি বলেন, শোকসন্তপ্ত ইরানি জনগণের প্রতি তার আন্তরিক সমবেদনা রইল এবং মহান আল্লাহ তাদের এই কঠিন সময়ে ধৈর্য ও শক্তি দান করুন।
ডা. শফিকুর রহমান আরও উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিরতা ইতোমধ্যেই আঞ্চলিক স্থিতিশীলতাকে চরম ঝুঁকির মুখে ফেলেছে। তিনি সতর্ক করেন, এই পরিস্থিতি যদি সামরিক উত্তেজনার দিকে এগোয়, তবে তা শুধু একটি দেশের নয়, পুরো অঞ্চলের জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে। তিনি পবিত্র রমজান মাসে যেকোনো ধরনের হামলার বিশ্বজুড়ে সাধারণ মানুষের হৃদয়ে গভীর ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি করতে পারে বলে মনে করেন।
জামায়াত আমিরের আহ্বান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানসহ সংশ্লিষ্ট সব পক্ষ অবিলম্বে সামরিক পদক্ষেপ বন্ধ করুন, সর্বোচ্চ সংযম প্রদর্শন করুন এবং কূটনৈতিক সমাধানের পথে এগিয়ে আসুন।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক আইন, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা এখন সবচেয়ে জরুরি। বিশ্বশান্তি রক্ষায় জাতিসংঘ ও বিশ্বনেতাদের কার্যকর ভূমিকা নেওয়া প্রয়োজন।
রিপোর্টার্স২৪/আরকে