স্টাফ রিপোর্টার: দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রবাসী বাংলাদেশি ও রেমিট্যান্স যোদ্ধাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান। তিনি বলেন, প্রবাসীরা দেশের উন্নয়ন ও অর্থনৈতিক স্থিতিশীলতার অন্যতম চালিকাশক্তি।
সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিদেশগামী কর্মীদের জন্য যেন কোনো ধরনের প্রশাসনিক বা প্রাতিষ্ঠানিক প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, সে বিষয়ে সরকারকে আরও কার্যকর উদ্যোগ নিতে হবে। পাশাপাশি প্রবাসীদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং তাদের কল্যাণে সরকারি পর্যায়ে আলোচনা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।
‘কানেক্ট বাংলাদেশ’ ও সিরাজগঞ্জ ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে জার্মানি, রোমানিয়া, কুয়েত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, পর্তুগাল ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যদের অবদানের ভূয়সী প্রশংসা করেন এমপি রফিকুল ইসলাম খান। তিনি বলেন, প্রবাসীরা শুধু রেমিট্যান্স প্রেরণই করেন না, বরং দেশের ভাবমূর্তি আন্তর্জাতিক পরিসরেও উজ্জ্বল করছেন।
অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রবাসী প্রতিনিধি, পেশাজীবী ও কমিউনিটি নেতারা অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন এমপির ব্যক্তিগত সহকারী বুলবুল আহম্মেদ, জার্মানিপ্রবাসী ইঞ্জিনিয়ার নাইমুর রহমান নাইম (সঞ্চালক), অনুষ্ঠানের আয়োজক ইঞ্জিনিয়ার মামুনুর রশিদ, বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন-এর হেড অব ট্রেড অ্যান্ড ইভেন্টস শাহরিয়ার ফাহিমসহ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রোমানিয়া, কুয়েত, পর্তুগাল ও মালয়েশিয়া থেকে আগত প্রবাসী প্রতিনিধিরা।
জাতীয় উন্নয়নে অবদান রাখার জন্য প্রবাসীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে এমপি রফিকুল ইসলাম খান বলেন, প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ সংরক্ষণ এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে ভবিষ্যতেও তিনি কাজ করে যাবেন।
রিপোর্টার্স২৪/ধ্রুব