আন্তর্জাতিক ডেস্ক:ইরানের সর্বোচ্চ নেতা আয়াতউল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তেহরান অঞ্চলজুড়ে আরও “বেপরোয়া”ভাবে সামরিক ও অর্থনৈতিক লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার।
সোমবার ব্রিটিশ পার্লামেন্টে দেওয়া বক্তব্যে স্টারমার বলেন, খামেনির মৃত্যু ইরানকে হামলা থেকে বিরত রাখবে না। বরং তাদের পদক্ষেপ “আরও বেপরোয়া ও বেসামরিক জনগণের জন্য আরও বিপজ্জনক” হয়ে উঠছে।
লন্ডনের ১০ ডাউনিং স্ট্রিটে এক বিবৃতিতে তিনি বলেন, সাম্প্রতিক পরিস্থিতি মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যে হামলা চালিয়েছে, তা তারা “প্রি-এম্পটিভ” বা আগাম প্রতিরোধমূলক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে,তেহরান পারমাণবিক অস্ত্র উন্নয়নে তৎপর ছিল বলে তাদের দাবি।
স্টারমারের মন্তব্য এমন সময় এলো, যখন ইরান ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলে সামরিক ও অর্থনৈতিক স্থাপনায় পাল্টা হামলা অব্যাহত রেখেছে। চলমান সংঘাতের প্রেক্ষাপটে ব্রিটেন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।
রিপোর্টার্স২৪/এসসি