| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৯ মাসে রাজস্ব ঘাটতি প্রায় ৯৮ হাজার কোটি টাকা

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২২, ২০২৬ ইং | ০৯:৩৮:১৫:পূর্বাহ্ন  |  ৯৩০ বার পঠিত
৯ মাসে রাজস্ব ঘাটতি প্রায় ৯৮ হাজার কোটি টাকা

স্টাফ রিপোর্টার: চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রার তুলনায় বড় ঘাটতির মুখে পড়েছে সরকার। এ সময়ে মোট ঘাটতি দাঁড়িয়েছে প্রায় ৯৭ হাজার ৯৯০ কোটি টাকা, যা অর্থনীতির জন্য উদ্বেগজনক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) প্রকাশিত হালনাগাদ তথ্য অনুযায়ী, জুলাই থেকে মার্চ পর্যন্ত মোট রাজস্ব আদায় হয়েছে ২ লাখ ৮৭ হাজার ৮৬২ কোটি টাকা। অথচ এ সময়ের লক্ষ্যমাত্রা ছিল ৩ লাখ ৮৫ হাজার ৮৫২ কোটি টাকা।

এর আগে আট মাসে রাজস্ব ঘাটতি ছিল ৭১ হাজার ৪৭২ কোটি টাকা। অর্থাৎ মাত্র এক মাসের ব্যবধানে ঘাটতি বেড়েছে ২০ হাজার কোটি টাকার বেশি। বিশেষ করে মার্চ মাসে রাজস্ব আদায়ে চলতি অর্থবছরের সবচেয়ে কম প্রবৃদ্ধি দেখা গেছে।

এনবিআরের তথ্য বলছে, আলোচ্য সময়ে মোট রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে ১১ দশমিক ১৫ শতাংশ। আয়কর, ভ্যাট ও শুল্ক—এই তিন খাতেই প্রবৃদ্ধি থাকলেও লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি।

নয় মাসে আয়কর খাতে ১ লাখ ৩১ হাজার ৯৬ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৮০ হাজার ২২৩ কোটি টাকা। ভ্যাট খাতে ১ লাখ ৪৩ হাজার ৫৩৮ কোটি টাকার বিপরীতে আদায় হয়েছে ১ লাখ ৯ হাজার ১৩৮ কোটি টাকা। আর শুল্ক খাতে ১ লাখ ৩৯ হাজার ১১৮ কোটি টাকার বিপরীতে আদায় হয়েছে ৯৮ হাজার ৫০১ কোটি টাকা।

শুধু মার্চ মাসেই রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি নেমে এসেছে ২ দশমিক ৬৭ শতাংশে, যা চলতি অর্থবছরের মধ্যে সর্বনিম্ন। এ মাসে লক্ষ্যমাত্রা ছিল ৬০ হাজার ৫০ কোটি টাকা, কিন্তু আদায় হয়েছে মাত্র ৩৩ হাজার ৫২২ কোটি টাকা।

মার্চে আয়কর খাতে নেতিবাচক প্রবৃদ্ধি (-০.৪৪%) দেখা গেছে। ১৪ হাজার ১১৭ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৮ হাজার ৩০৯ কোটি টাকা। ভ্যাটে ২৫ হাজার ৩২৪ কোটি টাকার বিপরীতে আদায় হয়েছে ১১ হাজার ৮৫৪ কোটি টাকা এবং শুল্কে ২০ হাজার ৬০৮ কোটি টাকার বিপরীতে আদায় হয়েছে ১৩ হাজার ৩৫৮ কোটি টাকা।

উল্লেখ্য, গত ২০২৪-২৫ অর্থবছরে মোট রাজস্ব ঘাটতি ছিল ৯২ হাজার ৬২৬ কোটি টাকা। ওই বছর লক্ষ্যমাত্রা ছিল ৪ লাখ ৬৩ হাজার ৫০০ কোটি টাকা, যেখানে আদায় হয় ৩ লাখ ৩৭ হাজার ৮৭৪ কোটি টাকা।

অর্থনীতিবিদদের মতে, জ্বালানি সংকটসহ সামগ্রিক অর্থনৈতিক চাপে রাজস্ব আদায়ে ধীরগতি দেখা যাচ্ছে, যা সরকারের ব্যয় ব্যবস্থাপনা ও উন্নয়ন কর্মকাণ্ডে প্রভাব ফেলতে পারে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪