রিপোর্টার্স২৪ ডেস্ক: ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব মঙ্গলবার (৩ মার্চ) ফেসবুকে হুঁশিয়ারি দিয়েছেন, ছাত্রদলের ওপর রক্তক্ষয় হলে তার প্রতিশোধ নেওয়া হবে।
তিনি বলেন, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ ছাত্রাবাসে বাংলাদেশ ছাত্রশিবির সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে প্রবেশ করে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে। রুমের ভিতরে ঢুকে ছাত্রদলের এক সদস্যকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে, এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
রাকিবুল ইসলাম রাকিব আরও বলেন, বিগত দেড় বছর ধরে প্রতিটি ক্যাম্পাসে ছাত্রদল মবের শিকার হয়েছে। আজও পলিটেকনিক ইনস্টিটিউটে আমাদের রক্ত ঝরল, অথচ কিছু মোনাফেকরা সোশ্যাল মিডিয়ায় দায় চাপাচ্ছে ছাত্রদলের ওপর। আর কোনো ছাড় দেওয়া হবে না।
ঘটনা ঘটে মঙ্গলবার রাত ১টার দিকে, যেখানে ৬ শিক্ষার্থী গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি হয়েছেন। ছাত্রদল সভাপতি জোর দিয়ে বলেন, সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং শিবির সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানানো হবে।
রিপোর্টার্স২৪/ঝুম