| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ব্যাংক হিসাব তলব: নিজেই স্টেটমেন্ট প্রকাশের ঘোষণা আসিফ মাহমুদের

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৪, ২০২৬ ইং | ১১:৩৮:২৩:পূর্বাহ্ন  |  ৪৭৭৮৮৮ বার পঠিত
ব্যাংক হিসাব তলব: নিজেই স্টেটমেন্ট প্রকাশের ঘোষণা আসিফ মাহমুদের

রিপোর্টার্স২৪ ডেস্ক: আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) কর্তৃক ব্যাংক হিসাব তলবের পর নিজের অবস্থান পরিষ্কার করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। স্বচ্ছতা বজায় রাখতে বুধবার (৪ মার্চ) তিনি নিজেই তার ব্যাংক স্টেটমেন্ট জনসমক্ষে প্রকাশ করবেন বলে জানিয়েছেন।

মঙ্গলবার (৩ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন তিনি। সেখানে আসিফ মাহমুদ লেখেন, আগামীকাল আমি নিজেই ব্যাংক স্টেটমেন্ট সবার জন্য উন্মুক্ত করব। পদত্যাগের আগেই আয়-সম্পদের হিসাব মন্ত্রিপরিষদ বিভাগে জমা দিয়ে এসেছি।

পরে রাতে গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে তিনি প্রশ্ন তোলেন, যেভাবে তার ব্যাংক হিসাবের তথ্য তলবের বিষয়টি প্রকাশ করা হয়েছে, তা আইনসম্মত হয়েছে কি না। একই সঙ্গে তিনি পুনর্ব্যক্ত করেন, নিজ উদ্যোগেই ব্যাংক স্টেটমেন্ট প্রকাশ করবেন।

এর আগে সোমবার (২ মার্চ) বিএফআইইউ দেশের সব বাণিজ্যিক ব্যাংকে চিঠি পাঠিয়ে আসিফ মাহমুদসহ সাবেক পাঁচজন উপদেষ্টার ব্যাংক হিসাবসংক্রান্ত যাবতীয় তথ্য তলব করে। একটি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। আগামী তিন কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট হিসাব খোলার ফরম ও লেনদেনের বিস্তারিত তথ্য বিএফআইইউতে জমা দিতে বলা হয়েছে।

ফ্যাসিবাদবিরোধী জুলাই অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অন্তর্বর্তীকালীন সরকারে স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ১০ ডিসেম্বর তিনি স্বেচ্ছায় উপদেষ্টার পদ ছাড়েন। বর্তমানে তিনি এনসিপির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪