রিপোর্টার্স২৪ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের নির্ধারিত বৈঠক শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১০টায় ঢাকায় এ বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
বুধবার (৪ মার্চ) রাতে দলের দপ্তর সেল থেকে পাঠানো এক বার্তায় বৈঠক স্থগিতের বিষয়টি নিশ্চিত করা হয়। তবে কী কারণে এ বৈঠক স্থগিত করা হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
দপ্তর সেলের বার্তায় বলা হয়, বৃহস্পতিবার সকালে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে এনসিপি নেতাদের যে সাক্ষাৎ নির্ধারিত ছিল, সেটি আপাতত স্থগিত করা হয়েছে। নতুন করে বৈঠকের সময়সূচি পরে জানানো হতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।
এর আগে গত মঙ্গলবার রাত ৮টার পর দুই দিনের সফরে দিল্লি হয়ে ঢাকায় পৌঁছান যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। সফরকালে তার বিভিন্ন রাজনৈতিক ও কূটনৈতিক মহলের সঙ্গে বৈঠকের কথা রয়েছে বলে জানা গেছে।
কূটনৈতিক মহলে এই সফরকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের চলমান আলোচনা ও আঞ্চলিক বিভিন্ন ইস্যু নিয়ে মতবিনিময়ের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে।
রিপোর্টার্স২৪/ঝুম