| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজশাহীতে লেবু বাগান থেকে ২১টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৭, ২০২৬ ইং | ০৮:২৯:৩৪:পূর্বাহ্ন  |  ১১৯৪৮৩৬ বার পঠিত
রাজশাহীতে লেবু বাগান থেকে ২১টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার
ছবির ক্যাপশন: সংগৃহীত

রাজশাহী প্রতিনিধি:  রাজশাহী মহানগরের চন্দ্রিমা থানা এলাকায় একটি লেবু বাগান থেকে ২১টি ককটেল সদৃশ বস্তু ও কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আসন্ন ঈদকে কেন্দ্র করে নাশকতা বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে এগুলো মজুত করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

র‌্যাব-৫-এর রাজশাহী সদর কোম্পানির একটি দল সোমবার (১৬ মার্চ) দিবাগত রাত পৌনে ১টার দিকে রেলওয়ে মাঠের উত্তর পাশে অবস্থিত একটি লেবু বাগানে অভিযান চালায়। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে র‌্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযান চলাকালে র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে পরিত্যক্ত অবস্থায় দুটি প্লাস্টিকের বস্তা দেখতে পান। বস্তাগুলোতে বিস্ফোরক থাকতে পারে সন্দেহ হলে র‌্যাব-৫-এর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়। পরে ইউনিটের সদস্যরা বস্তা দুটি পরীক্ষা করে মোট ২১টি ককটেল সদৃশ বস্তু শনাক্ত করেন।

এ সময় একটি পৃথক সাদা প্লাস্টিকের বস্তা থেকে একটি কাঁটাচেরা (হাঁসুয়া), একটি বড় ছোরা, একটি ছোট ছোরা এবং একটি চাকু উদ্ধার করা হয়। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় লোকজনদের জিজ্ঞাসাবাদ করেও এসব বিস্ফোরক ও অস্ত্রের মালিকানা সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। ফলে প্রাথমিকভাবে জড়িতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

র‌্যাব জানিয়েছে, আসন্ন ঈদকে সামনে রেখে দুর্বৃত্তরা সম্ভাব্য নাশকতার উদ্দেশ্যে এসব ককটেল ও দেশীয় অস্ত্র মজুত করে থাকতে পারে।

এ ঘটনায় চন্দ্রিমা থানা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতগুলো থানায় হস্তান্তর করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪