স্টাফ রিপোর্টার: আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে টানা সরকারি ছুটির মধ্যেও তৈরি পোশাক খাতের লেনদেন সচল রাখতে আগামী ১৮ ও ১৯ মার্চ (বুধবার ও বৃহস্পতিবার) সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ১৮ মার্চ নির্বাহী আদেশে ছুটি এবং ১৯ মার্চ থেকে ঈদের নির্ধারিত ছুটি শুরু হলেও পোশাক খাতের শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধ এবং রফতানি বিল নিষ্পত্তি নির্বিঘ্ন রাখতে এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে ১০ মার্চ জারি করা নির্দেশনায় বলা হয়, দেশের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট তফসিলি ব্যাংকের শাখাগুলো এ দুই দিন খোলা থাকবে। সংশ্লিষ্ট শাখাগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশও দেওয়া হয়েছে।
ছুটির এই দুই দিনে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত লেনদেন চলবে। অফিস কার্যক্রম চলবে দুপুর ২টা পর্যন্ত। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।এছাড়া ছুটির দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের বিধি অনুযায়ী ভাতা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।
ব্যাংকিং খাত সংশ্লিষ্টরা জানান, ঈদকে সামনে রেখে তৈরি পোশাক শিল্পে বেতন-বোনাস পরিশোধের চাপ বেড়ে যায়। এ অবস্থায় সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার এই উদ্যোগ শ্রমিকদের সময়মতো প্রাপ্য পরিশোধ নিশ্চিত করতে সহায়ক হবে।
রিপোর্টার্স২৪/এসসি