ঝিনাইদহ প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে ঝিনাইদহে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। সকালে শহরের আদর্শপাড়া রফির মিল এলাকায় হাসনাত ফাউন্ডেশনের পক্ষ থেকে এ উপহার বিতরণ করা হয়। সে সময় সমাজসেবক শাহীনুর লিটন, ফাউন্ডেশনের অর্থবিষয়ক সম্পাদক রাতুল, সদস্য রিফাত আকাশ, নাজমুল শাহীন, আশানুর, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা শমশের আলীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ঈদে সকলের মুখে হাসি ফোটানো ও সমাজের প্রতিটি স্তরের মানুষের মাঝে আনন্দ ছড়িয়ে দিতে শহরের বিভিন্ন এলাকার শতাধিক মানুষের মধ্যে উপহার হিসেবে চাল, ডাল, সেমাই, চিনি ও নগদ অর্থ প্রদান করা হয়। আগামীতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা।
রিপোর্টার্স২৪/এসএন