রিপোর্টার্স২৪ ডেস্ক: পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মকর্তাদের বেতন-ভাতা পরিশোধ নিশ্চিত করতে আজ (১৯ মার্চ) দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে সীমিত পরিসরে ব্যাংকের কার্যক্রম চালু রাখা হয়েছে। ছুটির মধ্যেও এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে শ্রমিকরা সময়মতো তাদের প্রাপ্য অর্থ হাতে পেয়ে স্বস্তিতে ঈদ উদযাপন করতে পারেন।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় পোশাকশিল্প-ঘন এলাকাগুলোর নির্বাচিত কিছু শাখা আজ খোলা রয়েছে। এসব শাখা থেকে মূলত বেতন-ভাতা বিতরণ এবং রপ্তানি বিল সংক্রান্ত জরুরি লেনদেন সম্পন্ন করা হচ্ছে।
কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপন অনুযায়ী, আজ ব্যাংকের অফিস সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত। তবে গ্রাহকদের জন্য লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। এছাড়া দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের জন্য সাময়িক বিরতি রাখা হয়েছে।
১৮ মার্চ থেকে শুরু হওয়া ঈদের সরকারি ছুটির মধ্যেও পোশাক খাতের জরুরি প্রয়োজন বিবেচনায় এই বিশেষ ব্যাংকিং ব্যবস্থা চালু রাখা হয়েছে। এতে শিল্পাঞ্চলভিত্তিক বিভিন্ন ব্যাংক তাদের নির্দিষ্ট শাখাগুলো সচল রেখেছে।
এর মধ্যে প্রাইম ব্যাংক আগ্রাবাদ, নারায়ণগঞ্জ, গণকবাড়ী ও টঙ্গী শাখায় সেবা দিচ্ছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ আগ্রাবাদ করপোরেট শাখা, ঢাকার প্রধান কার্যালয় কমপ্লেক্স, লোকাল অফিস ও নারায়ণগঞ্জ শাখায় কার্যক্রম চালু রেখেছে।
ব্র্যাক ব্যাংক দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে একাধিক শাখা খোলা রেখেছে, যার মধ্যে মতিঝিল, টঙ্গী, জয়দেবপুর, গুলশান, ধানমন্ডি ও যশোর উল্লেখযোগ্য। সিটি ব্যাংক উত্তরবঙ্গের পাশাপাশি পাবনা ও বগুড়ার কিছু শাখা চালু রেখেছে।
এছাড়া এনসিসি ব্যাংক মতিঝিল, সাভার, জয়দেবপুর ও বাইপাইল এলাকায় সেবা দিচ্ছে। শাহ্জালাল ইসলামী ব্যাংক তাদের বৈদেশিক মুদ্রা শাখা চালু রেখেছে এবং প্রিমিয়ার ব্যাংক মতিঝিল, কারওয়ান বাজার ও গুলশান এলাকায় সীমিত কার্যক্রম পরিচালনা করছে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকও চন্দ্রা, বিসিক ও জুবিলি রোডসহ বিভিন্ন শিল্পাঞ্চলীয় শাখায় কার্যক্রম অব্যাহত রেখেছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ছুটির দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা নিয়ম অনুযায়ী বিশেষ ভাতা পাবেন। মূলত পোশাকশিল্পের আর্থিক কার্যক্রম সচল রেখে শ্রমিকদের ঈদ আনন্দ নির্বিঘ্ন করতেই সরকারের নির্বাহী আদেশে এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম