বেনাপোল প্রতিনিধি: যশোর শহরের যানজট নিরসনে নতুন একটি বিকল্প সড়কের উদ্বোধন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা সাড়ে ১১টায় এই সড়কটির উদ্বোধন অনুষ্ঠিত হয়। নতুন এই সড়কটি যশোর পৌরসভার গাড়িখানা রোড থেকে ইনস্টিটিউটের মধ্য দিয়ে এমএম আলী রোড, ব্যাগপট্টি পর্যন্ত ড্রেনের উপর নির্মিত।
নতুন এই সড়ক দিয়ে ছোট যানবাহন এবং পথচারীরা চলাচল করতে পারবেন। ফলে শহরের প্রাণকেন্দ্রের যানজট কিছুটা হলেও লাঘব হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
সড়ক উদ্বোধনকালে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, যশোর শহরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং আইন-শৃঙ্খলা বাহিনীর কাজ সহজ করতে শহরকে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার আওতায় আনা হবে। তিনি আরও জানান, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরবাসী তাকে সমর্থন দিয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, যশোরকে নতুনভাবে গড়তে মানুষ সমর্থন দিবে।
উদ্বোধনকালে প্রতিমন্ত্রী আরও বলেন, শহরের চলাচল সহজ করতে এই বিকল্প সড়ক তৈরি করা হয়েছে। তার নির্বাচনী অঙ্গীকার ছিল শহরের মানুষকে জলাবদ্ধতা থেকে মুক্ত করা। আমাদের কাজ চলমান রয়েছে এবং ইনশাল্লাহ আগামী বর্ষা মৌসুমের আগে কাজ সম্পন্ন হবে। বিগত বর্ষা মৌসুমে মানুষ যে কষ্টের মুখোমুখি হয়েছিল, আগামী মৌসুমে তা হ্রাস পাবে। এছাড়া সমগ্র শহরকে সিসি ক্যামেরার আওতায় আনা হবে যাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা যায়।
উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পৌরসভার প্রশাসক রফিকুল হাসান, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাবেক সহ-সভাপতি গোলাম রেজা দুলু, যশোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সম্পাদক তানভীরুল ইসলাম সোহান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী বি.এম. কামাল আহমেদ প্রমুখ।
রিপোর্টার্স২৪/এসএন