বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে বাসস্ট্যান্ডে অতিরিক্ত ভাড়া আদায় ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে বাগেরহাট বাসস্ট্যান্ডে পরিচালিত এক ঝটিকা অভিযানে এ হুঁশিয়ারি দেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন।
অভিযান চলাকালে জেলা প্রশাসক বলেন, যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায় কিংবা কোনো ধরনের চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে সঙ্গে সঙ্গে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি স্পষ্ট করে জানান, “অতিরিক্ত কোনো চাঁদা নিলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করা হবে।” এ বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও তিনি সতর্ক করেন। তিনি পরিবহন মালিক, শ্রমিক ও সংশ্লিষ্ট সকলকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন বাগেরহাটের পুলিশ সুপার হাছান চৌধুরি। তিনি বলেন, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং হয়রানি বন্ধে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। কেউ যদি অতিরিক্ত ভাড়া আদায় বা চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকে, তাহলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, বাসস্ট্যান্ড এলাকায় নিয়মিত নজরদারি বাড়ানো হবে।
বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ বলেন, সাধারণ মানুষের ভোগান্তি কমাতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। কোনো অসাধু চক্র যদি অতিরিক্ত ভাড়া বা চাঁদাবাজির মাধ্যমে জনগণকে হয়রানি করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি সবাইকে আইন মেনে চলার আহ্বান জানান।
অভিযান চলাকালে বাসস্ট্যান্ডে কর্মরত বিভিন্ন বাসের চালক, হেলপার ও কর্মচারীদের সঙ্গে কথা বলেন প্রশাসনের কর্মকর্তারা। তাদের নির্ধারিত ভাড়ার তালিকা মেনে চলা এবং যাত্রীদের সঙ্গে ভদ্র আচরণ করার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে যাত্রীদের কাছ থেকেও যেকোনো অনিয়মের বিষয়ে প্রশাসনকে অবহিত করার আহ্বান জানানো হয়।
জেলা প্রশাসনের এ উদ্যোগে সাধারণ যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। সংশ্লিষ্টদের মতে, এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হলে অতিরিক্ত ভাড়া আদায় ও চাঁদাবাজি বন্ধ হবে এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফিরে আসবে।
রিপোর্টার্স২৪/এসএন