রিপোর্টার্স২৪ ডেস্ক: পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শেষে রাজধানীর কাঁচাবাজারে সবজির দাম কমতে শুরু করেছে। লেবুর দাম অপরিবর্তিত থাকলেও, অন্যান্য সবজির কেজি প্রতি দাম ১০ থেকে ২০ টাকা কমেছে। মানভেদে লেবু হালি প্রতি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে।
সোমবার (২৩ মার্চ) রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, মালিবাগ রেলগেট কাঁচাবাজারে দোকানদার জামাল আলম জানিয়েছেন, বেশিরভাগ পণ্য ঈদের আগে কেনা হয়েছে, নতুন করে সরবরাহ কম। অনেক সবজি এখন ক্রয়ের চেয়ে কম দামে বিক্রি হচ্ছে। সালাদ সামগ্রী শসা ৬০ টাকায় কেনা হলেও বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকায়, টমেটোর কেজি দাম ৪০ টাকা, কাঁচামরিচ ১২০ টাকার নিচে।
দেশি শিম কেজিতে ৬০ টাকা, বেগুন ৮০ থেকে ১০০ টাকায়, পটল ও করলা ৬০-৭০ টাকায় পাওয়া যাচ্ছে। আমদানি করা রসুন ২২০ টাকায়, আদা ১৮০ টাকায় অপরিবর্তিত।
পেঁয়াজও কম দামে বিক্রি হচ্ছে। রমজানের শুরুতে ৩ কেজি পেঁয়াজ ২০০ টাকায় কিনেছিলেন ক্রেতারা, এখন ১২০ টাকায়। খুচরা বাজারে ৬০-৭০ টাকার পেঁয়াজ ৩৫-৪০ টাকায় বিক্রি হচ্ছে। আলু কেজি প্রতি ২০-২৫ টাকা থেকে কমে ১৫-২০ টাকায় নেমেছে।
অন্যান্য সবজির মধ্যে গাজর ৫০ টাকায়, শাক ২০ টাকার আঁটিতে, সজনে ১২০ টাকায়, কচুর লতি ১০০ টাকায়, ঢেঁড়শ ৮০ টাকায় এবং মিষ্টি কুমড়া ৪০ টাকায় বিক্রি হচ্ছে। ধুন্দল ও ঝিঙ্গার ৮০ টাকায়, কাঁচা পেঁপে ২৫ টাকায় পাওয়া যাচ্ছে। চাল কুমড়া ৬০ টাকা পিস, লাউ ৫০ টাকা, বাঁধাকপি ও ফুলকপি ৫০ টাকা করে বিক্রি হচ্ছে।
বিক্রেতারা জানিয়েছেন, নতুন সরবরাহ বাড়লেও ক্রেতার সংখ্যা কম থাকায় দাম কমছে। অতিরিক্ত দাম বাড়া বা হঠাৎ কমে যাওয়াও কৃষকদের জন্য ক্ষতিকর। বাজারে একটি ন্যায্যমূল্য থাকা প্রয়োজন।
সবজি বিক্রেতা মিঠুন বলেন, রমজানের শুরুতে চাহিদা বেশি থাকায় দাম বাড়ে, পরে কমে যায়। তবে এবার পেঁয়াজ, টমেটো ও আলুর দাম বেশি কমেছে, কাঁচামরিচ, শসা ও বেগুনের দামও কমেছে।
রিপোর্টার্স২৪/ঝুম