| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অননুমোদিত বা মানহীন কোনো ক্লিনিক চলতে দেয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৪, ২০২৬ ইং | ১২:৩৮:০২:অপরাহ্ন  |  ৭১৭০৮৪ বার পঠিত
অননুমোদিত বা মানহীন কোনো ক্লিনিক চলতে দেয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে কোনো ধরনের অননুমোদিত বা মানহীন ক্লিনিককে চলতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

মঙ্গলবার (২৪ মার্চ) সচিবালয়ে ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, ঈদের আমেজ শেষ হতেই রাজধানীর বেসরকারি ক্লিনিকগুলোতে বিশেষ পরিদর্শন ও সাঁড়াশি অভিযান শুরু হচ্ছে।

মন্ত্রী বলেন, মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমান কঠোর নির্দেশনা দিয়েছেন। সেই অনুযায়ী অনিয়মকারী ক্লিনিক মালিকদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। যদি কোনো ক্লিনিক ন্যূনতম চিকিৎসাসেবার মান বজায় রাখতে ব্যর্থ হয়, তাৎক্ষণিকভাবে তা বন্ধ করে দেওয়া হবে।

তিনি আরও জানান, রাজধানী থেকে শুরু হওয়া এই তদারকি কার্যক্রম পর্যায়ক্রমে দেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে দেওয়া হবে।

ঈদের সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে মন্ত্রী বলেন, বিগত দেড় যুগের মধ্যে এবারের ঈদুল ফিতর সবচেয়ে স্বস্তিতে ও শান্তিতে উদ্‌যাপিত হয়েছে। দ্রব্যমূল্য স্বাভাবিক ছিল, যা সাধারণ মানুষের মনে বাড়তি স্বস্তি দিয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকার কারণে মানুষ নির্বিঘ্নে ঈদ উদ্‌যাপন করতে পেরেছে।

ঈদের আনন্দ উদ্‌যাপনে কিছু দূর্ঘটনার কথাও তিনি উল্লেখ করেন। মন্ত্রী বলেন, কয়েকটি সড়ক দুর্ঘটনা ঘটেছে, যা অত্যন্ত দুঃখজনক। এছাড়া ট্রেন ও বাসে বাড়তি ভাড়া নেয়ার কয়েকটি বিচ্ছিন্ন অভিযোগ ছিল। তবে সার্বিকভাবে এবারের ঈদযাত্রা এবং উদ্‌যাপন সফল হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪