রিপোর্টার্স২৪ ডেস্ক: ঈদের ছুটি শেষ হলেও রাজধানীর পেট্রল পাম্পগুলোতে জ্বালানি তেলের সংকট এখনো কাটেনি। সরকারের রেশনিং ব্যবস্থা তুলে নেওয়ার ঘোষণা সত্ত্বেও বাস্তবে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় তেলের তীব্র ঘাটতি দেখা যাচ্ছে।
বৃহস্পতিবার (২৫ মার্চ) রাজধানীর বিভিন্ন পাম্প ঘুরে দেখা যায়, তেল না থাকায় অনেক পাম্প বন্ধ রাখা হয়েছে। আর যেখানে তেল মিলছে, সেখানে দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন চালকরা।
পাম্প মালিকদের দাবি, চাহিদার তুলনায় সরবরাহ অত্যন্ত কম। মাত্র এক-চতুর্থাংশ থেকে এক-তৃতীয়াংশ তেল পাওয়া যাচ্ছে। ফলে অনেক পাম্প দুপুরের আগে তেল বিক্রি শুরুই করতে পারছে না, আর সরবরাহ শুরু হতেই অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে মজুদ।
মিরপুর-১৪ এলাকার দিগন্ত তেল পাম্প-এ প্রতিদিন প্রায় ৪০ হাজার লিটার তেলের চাহিদা থাকলেও সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র ১২-১৩ হাজার লিটার। এতে সকাল থেকেই অতিরিক্ত চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে।
একই চিত্র দেখা গেছে সোবহান তেল পাম্প এবং রোকেয়া সরণির হাসান ফিলিং স্টেশন-এ। চাহিদা মেটাতে না পেরে দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত পাম্প বন্ধ রাখতে হচ্ছে। অনেক সময় বাড়তি সরবরাহ এলে আবার বিক্রি শুরু করা হলেও তা দ্রুতই শেষ হয়ে যাচ্ছে।
হাসান ফিলিং স্টেশনের সামনে লোহার চেইন দিয়ে পাম্প বন্ধ রাখতে দেখা গেছে। পাম্প ম্যানেজার মো. সুজন মিয়া জানান, বর্তমান পরিস্থিতিতে আগের চেয়ে কয়েকগুণ বেশি তেল এলেও চাহিদা পূরণ করা কঠিন। তবে তুলনামূলক বড় পাম্পগুলোতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক। বিজয় সরণির ট্রাস্ট ফিলিং স্টেশন-এ সকাল থেকেই তেল সরবরাহ চললেও দীর্ঘ গাড়ির সারি প্রায় এক কিলোমিটার ছাড়িয়েছে।
অন্যদিকে, শাহবাগে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড-এর নিজস্ব ফিলিং স্টেশনে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত বিরতিহীন তেল সরবরাহ করা হচ্ছে বলে জানা গেছে।
রিপোর্টার্স২৪/ঝুম