চট্টগ্রাম প্রতিনিধি: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে দেশে জ্বালানি সরবরাহে চাপের মধ্যে ৩১ হাজার টন পরিশোধিত জ্বালানি তেল নিয়ে আরও একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের জলসীমায় পৌঁছেছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সিঙ্গাপুর থেকে আসা ‘এমটি গ্রান কুভা’ নামের জাহাজটি বন্দরের জলসীমায় পৌঁছে বর্তমানে কুতুবদিয়া চ্যানেলে অবস্থান করছে। জাহাজটিতে ১০ হাজার টন ডিজেল এবং ২০ হাজার টন জেট ফুয়েল রয়েছে।
চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফাত হামিম জানান, জাহাজটি নিরাপদে নোঙর করেছে এবং পরবর্তী আনলোডিং কার্যক্রম প্রস্তুতির মধ্যে রয়েছে।
বন্দর সূত্র জানায়, ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর আগে ও পরে গত এক মাসে হরমুজ প্রণালীসহ বিকল্প রুট ব্যবহার করে মোট ২৯টি জ্বালানিবাহী জাহাজ দেশে এসেছে। এসব জাহাজে জ্বালানি তেলের পাশাপাশি এলএনজি ও এলপিজিও আনা হয়েছে।
এদিকে, আগামী মঙ্গলবার মালয়েশিয়া থেকে ৩০ হাজার টন জ্বালানি তেল নিয়ে ‘এমটি পিভিটি সেলানা’ নামের আরও একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
এ ছাড়া ৬১ হাজার টন এলএনজি নিয়ে ‘এইচএল পাফিন’ নামের একটি জাহাজ বৃহস্পতিবার বন্দরের বহির্নোঙরে পৌঁছানোর কথা রয়েছে। শুক্রবার ‘নিউ ব্রেভ’ নামের আরেকটি এলএনজিবাহী জাহাজ বন্দরে আসবে। আগামী ৪ এপ্রিল ‘সেলসিয়াস গ্যালাপোগোস’ নামের আরও একটি এলএনজিবাহী জাহাজ আসার সূচি রয়েছে।
জ্বালানি খাত সংশ্লিষ্টরা জানান, দেশে বছরে গড়ে ৬৫ থেকে ৬৮ লাখ টন জ্বালানি তেলের প্রয়োজন হয়। এর মধ্যে প্রায় ২০ শতাংশ অপরিশোধিত তেল মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে আমদানি করা হয়। বাকি ৮০ শতাংশ পরিশোধিত জ্বালানি তেল সিঙ্গাপুর, চীন, ভারত, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়।
রিপোর্টার্স২৪/এসসি