| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গত ১০ দিনে সড়কে ঝরল ২৭৪ প্রাণ

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৭, ২০২৬ ইং | ১৪:২৫:০৩:অপরাহ্ন  |  ৬৮১২৯২ বার পঠিত
গত ১০ দিনে সড়কে ঝরল ২৭৪ প্রাণ

রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশে ঈদকে কেন্দ্র করে সড়ক দুর্ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে যায়। এবার পবিত্র ঈদুল ফিতরের আগে ও পরে গত ১০ দিনে দেশে সড়ক দুর্ঘটনায় ২৭৪ জন নিহত হয়েছেন।

রোড সেফটি ফাউন্ডেশন এর তথ্য অনুযায়ী, ১৭ থেকে ২৬ মার্চ ভোর পর্যন্ত দেশে মোট ৩৪২টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ২৭৪ জন প্রাণ হারিয়েছেন। গত বছর ঈদুল ফিতরের ১১ দিনে এই সংখ্যা ছিল ২৪৯। অর্থাৎ, এবারের ঈদে প্রাণহানির সংখ্যা বেড়েছে।

এবারের ঈদে কিছু বড় দুর্ঘটনা আরও ভয়াবহ ছিল। ২১ মার্চ রাতে কুমিল্লায় বাস ও ট্রেনের সংঘর্ষে ১২ জন নিহত হন। ২৫ মার্চ রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে যাত্রীবাহী বাস ডুবে ২৬ জনের মৃত্যু হয়।

সরকারি সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) জানিয়েছে, ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত ৭ দিনে ৯২টি সড়ক দুর্ঘটনায় ১০০ জন নিহত এবং ২১৭ জন আহত হয়েছেন।

পুলিশ সদর দপ্তরের রিসার্চ, প্ল্যানিং অ্যান্ড ইনোভেশন বিভাগ এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ-এর গবেষণায় দেখা গেছে, বেপরোয়া গতিতে গাড়ি চালানো সড়ক দুর্ঘটনার প্রধান কারণ, যা মোট দুর্ঘটনার প্রায় ৪২ শতাংশ।

গবেষণায় আরও বলা হয়েছে, ঈদের সময় সড়কে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় দুর্ঘটনার ঝুঁকিও বৃদ্ধি পায়। এর ফলে সড়ক ব্যবস্থাপনায় বাড়তি সতর্কতা ও কার্যকর উদ্যোগ নেওয়ার সুপারিশ করা হয়েছে। তবে বিশেষজ্ঞরা মনে করেন, বাস্তবে কার্যকর পদক্ষেপের ঘাটতি রয়েছে।

সাইদুর রহমান, নির্বাহী পরিচালক, রোড সেফটি ফাউন্ডেশন বলেন, দুর্ঘটনা ও মৃত্যুর পরিসংখ্যানই প্রমাণ করে সড়ক ব্যবস্থাপনার দুর্বলতা রয়েছে।

সংশ্লিষ্টদের মতে, দেশে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় পাঁচ হাজারের বেশি মানুষ প্রাণ হারান এবং আহত হন প্রায় ১০ হাজার। তবে এসব তথ্য মূলত গণমাধ্যমে প্রকাশিত ঘটনার ওপর ভিত্তি করে; চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর ঘটনা এতে অন্তর্ভুক্ত নয়।

বিশেষজ্ঞরা বলেন, ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ করা, চালকদের বৈধ লাইসেন্স নিশ্চিত করা, এবং নিয়মিত সমন্বিত অভিযান পরিচালনা করা জরুরি, যাতে সড়কে শৃঙ্খলা ফেরানো সম্ভব হয়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪