স্টাফ রিপোর্টার : ঈদুল আজহার দীর্ঘ ১০ দিনের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। শনিবার (১৪ জুন) সকাল থেকেই কমলাপুর রেলস্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রেনে করে ফিরছেন কর্মজীবী ও সাধারণ মানুষ।
সরেজমিনে দেখা গেছে, প্রায় প্রতিটি ট্রেনই যাত্রীতে ঠাসা। কেউ বসে, কেউ দাঁড়িয়ে—সবাই ফিরছেন রাজধানীর কর্মস্থলে। যদিও কিছু ট্রেন শিডিউল বিপর্যয়ে পড়েছে, তারপরও বেশিরভাগ ট্রেন নির্ধারিত সময়ে স্টেশনে পৌঁছেছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
কমলাপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মজুড়ে যাত্রীদের দীর্ঘ লাইন, গমগমে পরিবেশ। স্টেশনে প্রবেশের সময় টিকিট যাচাই করে ছাড়া হচ্ছে যাত্রীদের। টিকিটবিহীন কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, ধরা পড়লে জরিমানাও করা হচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়া থেকে ফেরা যাত্রী মো. নাসির মোল্লা বলেন, আজ ছুটি শেষ, কাল থেকে অফিস শুরু। ঈদের সময়টা ভালোই কেটেছে, কিন্তু ফিরতি ট্রেনে জায়গা পাওয়াই দায়, ভীষণ গরমও ছিল।
চট্টলা এক্সপ্রেসের যাত্রী মো. আলমগীর খান বলেন, “ট্রেনে এত ভিড় ছিল যে দাঁড়ানোর জায়গাও ছিল না। সঙ্গে পরিবার, অনেক কষ্ট করে ফিরেছি। তাছাড়া ট্রেনও দেরিতে ছাড়ল।”
রেলওয়ে সূত্র জানায়, ঈদ উপলক্ষে প্রতিদিন প্রায় ৭০টি ট্রেন চলাচল করেছে, যার মধ্যে ৪৪টি আন্তঃনগর ও বাকিগুলো মেইল এবং কমিউটার ট্রেন। ঈদে প্রতিদিন প্রায় ৭০ হাজার যাত্রী পরিবহন করা হয়েছে।
রেলওয়ের স্টেশন ম্যানেজার মো. সাজেদুল ইসলাম বলেন, আজ ছুটির শেষ দিন হওয়ায় সকাল থেকেই একটার পর একটা ট্রেন আসছে। শুক্রবার ও শনিবার ঢাকামুখী যাত্রীর চাপ সবচেয়ে বেশি ছিল।
রেল কর্তৃপক্ষ জানায়, ফিরতি যাত্রা শুরু হয়েছে ৯ জুন থেকে, তবে এই চাপ আরও কয়েক দিন থাকবে। কারণ অনেক বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল-কলেজ ও দোকানপাট এখনো বন্ধ রয়েছে।
উল্লেখ্য, ঈদুল আজহা সারাদেশে উদযাপিত হয় ৭ জুন। সরকারি চাকরিজীবীরা পেয়েছেন টানা ১০ দিনের ছুটি, যা শেষ হচ্ছে আজ ১৪ জুন। ঈদের পর এই ঢাকামুখী যাত্রা এখন যেন এক বিশাল কর্মব্যস্ত নগর জীবনে ফেরার চিত্র।
রিপোর্টার্স২৪/আরএইচ